আদালতে প্লেবয় ইন্দোনেশিয়ার সম্পাদক
প্রকাশ্যে অশোভন ছবি প্রদর্শন ও তা থেকে অর্থ উপার্জনের দায়ে বিখ্যাত পর্ণো সাময়ীকি প্লেবয়, ইন্দোনেশিয়ার সম্পাদক এর বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। রায় বিপক্ষে গেলে তার ৩২ মাস জেল হতে পারে।
গত এপ্রিলে প্লেবয়, ইন্দোনেশিয়া ম্যাগাজিনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ওই সংস্করণে কোন নগ্ন ছবি ছিল না। বিশ্বের অনেক মুসলিম অধ্যুষিত দেশে প্রকাশিত প্লেবয় পত্রিকার তুলনায় এই সংখ্যায় শরীর প্রদর্শন করা হয়েছে এমন ছবিও ছিল অল্প। এহেন নির্দোষ থাকার পরও প্রকাশের পরপরই ইন্দোনেশিয়ায় পত্রিকাটিকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
প্রধান সম্পাদক আরউইন আর্নাডা আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, “ইন্দোনেশিয়ায় মুক্তসমাজ তৈরির পক্ষে প্লেবয় ভাল ভুমিকা রাখছিল। কিন্তু বিচারের শুরুতেই বলা হয়েছে যে এটা অশ্লীল এবং এর ফলে আইন ভঙ্গ করা হয়েছে।” কৌসুলী রেজনি মুখতার বলেছেন, “প্লেবয় ইন্দোনেশিয়া ম্যাগাজিনে প্রকাশিত ছবি, ড্রয়িং ও লেখা বিবাদীর নির্বাচন। ওগুলো সভ্যতার পরিপন্থী এবং তা পাঠকের মনে কামভাব জাগিয়ে তুলতে পারে যার ফলে তারা অসভ্যকর্মে লিপ্ত হতে পারে।”
এপ্রিলে যাত্রা শুরুর পরপর প্লেবয় এর জাকার্তা অফিসে আক্রমন হলেও ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে ম্যাগাজিনটি এখনো বিক্রি হচ্ছে। এটা নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের দিক থেকে কোন উদ্যোগ নেয়া হয়নি।
জুন সংস্করণ প্রকাশের আগে আগেপ্লেবয়, ইন্দোনেশিয়া বালিতে তাদের কার্যক্রম শুরু করার পর জাকার্তায় বিতর্ক অনেকখানি কমে আসে। উল্লেখ্য বালি হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে রক্ষনশীল মুসলমানদের সংখ্যা নগন্য।
ইন্দোনেশিয়ায় ২২ কোটি লোকর বাস, এর মধ্যে ৮৫% মুসলিম। অধিকাংশ মুসলিম মধ্যপন্থী, তবে পশ্চিমের তুলনায় প্রকাশ্য যৌনতার ব্যাপারে তারা অনেক বেশি সতর্ক।
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় সেখানকার বিকাশমান সেক্যুলার মধ্যবিত্ত জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিস্তর লাইফস্টাইল ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। এর মধ্যে ম্যাক্সিম ও এফএইচএম এর মতো পুরুষদের জন্য প্রকাশিত ম্যাগাজিনও আছে।
যাই হোক, প্লেবয়কে কেন্দ্র করে ওই ঘটনার পরে এখন এসব ম্যাগাজিনও খোলামেলা ছবি ছাপা বন্ধ করে দিয়েছে।
১৯৫৩ সালে প্লেবয় প্রথম প্রকাশিত হয়। বিশ্বের ২০টি দেশে এর সংস্করণ বের হয়। এসব সংস্করনে মূল পত্রিকার বিষয়গুলির অনুবাদ না দিয়ে স্থানীয় রুচি অনুযায়ী তৈরি ভিন্ন বিষয় পরিবেশন করা হয়।
