২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উটের জকি শিশু: ইনজেকশন দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে বাড়ন্ত জীবন

সংযুক্ত আরব আমিরাতের মরু প্রান্তরে শেখদের মনোরঞ্জনে ব্যবহৃত বাংলাদেশের শিশুদের চরম দুর্দশাময় জীবনের নানা কাহিনী ফুটে উঠেছে সেখান থেকে ফিরে আসা কোমলমতি শিশুদের কথায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 09:54 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

১২টি জাতীয় ও ১৯৬টি মফস্বল সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)-এর প্রতিবেদনে উটের জকি হিসেবে ব্যবহৃত বাংলাদেশী শিশুদের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে এসে জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে দুর্দশাময় জীবনের কথা বর্ণনা করেছে এসব শিশুরা।

এমএমসির তথ্যানুসন্ধানে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ থেকে দশ বছর বয়সী এসব শিশুদের পরিবারকে নানা প্রলোভন দেখিয়ে দালালদের হাত ধরে পাঁচার করা হত আরব আমিরাতে। উন্নত থাকা-খাওয়া, শিক্ষার সুযোগের লোভ দেখানো হত এদের পরিবারকে। এমনকি প্রতি মাসে শিশুদের কাজের পারশ্রমিক পাঠানোর প্রলোভনও দেখানো হত।

এছাড়া কখনো কখনো দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচারকারীরা শিশুদের চুরি করে এনে উটের জকির দালালদের কাছে বিক্রি করে দিত।

সংযুক্ত আরব আমিরাতে কাজ দেওয়ার নামে দালালরা উটের মালিদের কাছে তাদের হস্তান্তর করে দিত। তাদের হাত ধরেই শুরু হয়েছিল তাদের উটের জকির জীবন।

জানা যায়, ওজন বেড়ে গেলে রেসে অংশ নেওয়া উটের দৌড়ানোর গতি কমে যাবে এ অজুহাতে শিশুদের ওজন কম রাখার জন্য কম খেতে দেওয়া হত। এমনকি শিশুদের উচ্চতা বাড়তে না দেওয়ার জন্য বিশেষ ধরণের ইনজেকশনও প্রয়োগ করা হত। ফিরে আসা শিশুরা জানায়, উটের মালিকরা নিয়মিত তাদের এই ইনজেকশন দিত।

আর সে কারণে এ শিশুদের দেখে মনে হয়েছে তাদের কারোরই বয়স পাঁচ থেকে দশ বছরের বেশি নয়। অথচ তাদের প্রকৃত বয়স ১৩ থেকে ১৭ বছর।

তারা আরও জানায়, জকি না হতে চাইলে উটের মালিকরা তাদের ওপর অকথ্য নির্যাতন চালাতো।

অন্যদিকে, উটের জকি হিসেবে রেসে অংশ নেওয়ার সময় তারা প্রায় পড়ে যেত এবং হাত-পা ভেঙ্গে যেত। কোনরকমে একটু সুস্থ হয়েই তাদের আবারও ফিরে যেত হত রেসে।

জকি হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হত।

প্রতি মাসে একবার রেসের আয়োজন করা হত। উটের পিঠে বাঁধা অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে আট কিলোমিটার পথ অতিক্রম করতে হত।

দীর্ঘদিন ধরে এ শিশুরা উটের জকি হিসেবে ব্যাবহৃত হয়ে মারাত্মক আহত বা নিহত হওয়ার খবরে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। ফলে সংযুক্ত আরব আমিরাত সরকার উটের জকি হিসেবে শিশুদের ব্যবহারের ওপর নতুন আইন করে নিষিদ্ধ ঘোষণা করে। ইউনিসেফ এসব শিশুদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়।

ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাত থেকে শিশুদের ফেরত এনে মহিলা আইনজীবী সমিতির ‘সেফ হোম’-এ রাখা হয়েছে।

এমএমসির অনুসন্ধানে দেখা যায়, মোট ৭৯ জন শিশুর ২০০৫ সালের আগস্ট থেকে পাঁচ দফায় তাদের ফেরত আনা হয়। আরও দুশ’ শিশু দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।

এদিকে জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ মানবাধিকার সংস্থা তাদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ঢাকা আহছানিয়া মিশন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে জানা গেছে।

আহছানিয়া মিশনের প্রধান কাজী রফিকুল আলম বলেন, প্রাথমিক অবস্থায় এসব শিশুদেরকে মিশনের ট্রানজিট হোমে স্বাস্থ্যসেবা ও মনোসামাজিক চিকিৎসা প্রদান করা ও পরবর্তীতে পুর্নবাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।