মান্দিদের সমাজ ও সংস্কৃতি
বিবিধ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণে এ দেশের আদিবাসী জনসমাজ তাদের কৃষ্টি-সংস্কৃতি হারাতে বসেছে। সংখ্যাগুরু জাতি-গোষ্ঠীর আধিপত্যবাদী মানসিকতার কারণে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা আদিবাসী জাতি-গোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে।
তবুও মাটির টান, প্রকৃতির টান ছাড়িয়ে ইচ্ছে করলেই নিরুদ্দেশ হওয়া যায় না। হওয়া যায় না বলেই নিজেদের কৃষ্টি-সংস্কৃতি আর প্রকৃতিকে বুকে আগলে রেখে আজও বেঁেচ আছে গারো সম্প্রদায়। প্রকৃতির আবাস ভূমিতে তাদের অবাধ বিচরণ বলেই তাদের বলা হয় প্রকৃতির সন্তান-এই কারণে গারোরা নিজেদের মান্দি বলে পরিচয় দিতে ভালবাসে। নানা প্রতিকুলতার মধ্যেও স্বকীয়তা নিয়ে বেঁচে আছে তারা। সভ্যতার আবর্তে অনেক কিছু বিলুপ্ত হলেও গারো সংস্কৃতি টিকে আছে আপন মহিমায়।
গারোদের নিজস্ব ইতিহাস অনুযায়ী তাদের আদিবাস ছিল চীন দেশের ইয়াংসিকিয়াং ও হোয়াংহো নদী তীরবর্তী অঞ্চলে। সেখান থেকে তারা তিব্বত হয়ে বর্তমান আসাম, মেঘালয় ও কোচবিহারে বসতি স্থাপন করে। পরে তাদের বসতি গারো পাহাড় ও বাংলাদেশের দূর্গাপুর, হালুয়াঘাট, শেরপুর ও মধুপুরের গড় পর্যন্ত বি¯তৃত হয়। তাদের পুর্বে এসব অঞ্চলে অন্য কোনও জাতি বসবাস করত বলে জানা যায় না।
গারোদের শ্রেষ্ঠ দেবতা টাটরা রাবুসা। এই দেবতার আরেক নাম দেববে বা মেরাদিদে। তার অন্য নাম দাগগিকা, যার বাংলা অর্থ ঘাট সৃষ্টিকর্তা। তাদের গুরুত্বপূর্ণ এক দেবীর নাম সুসিমে-তিনি চন্দ্রের দেবী। গারোরা মনে করে এদের পুজা করলে অন্ধের অন্ধত্ব দুর হয়।
তাদের দেবতাদের মধ্যে আরও কয়েকজনের নাম উল্লেখ করা যায়-সানি ও মুনি, গানচেং, দুজং, নর, মান্দে প্রভৃতি। নর ও মান্দেকে গারোদের আদি পিতা-মাতা বলা হয়।
তবে গারো বা মান্দি সম্প্রদায়ের আদি ধর্ম এখন তেমন প্রবল নয়। বর্তমানে বাংলাদেশে খ্রীষ্ট ধর্মালম্বীদের শতকরা ৯৫ জনই গারো। দেবদেবীর পুজা করে এমন লোকের সংখ্যা নগন্য। খ্রীষ্ট ধর্মগ্রহণ করে এক অর্থে তাদের লাভই হয়েছে-গারোদের মধ্যে এর আগে শিক্ষা তেমন ছিল না। তাদের ছেলে মেয়েরা এখন মিশনারীদের দ্বারা পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে। দেশে মিশনারীদের দ্বারা পরিচালিত প্রায় ৩০০ প্রাথমিক বিদ্যালয় ও ১৫ উচ্চ বিদ্যালয়ের খ্রীষ্ট ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের বেশিরভাগই গারো সম্প্রদায়ের।
পূর্বে গারোদের একমাত্র জীবিকা ছিল কৃষি। এখনও কৃষিই তাদের প্রধান জীবিকা, তবে কিছু লোক চাকরী-বাকরিতেও নিয়োজিত আছে। একদা শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ গারো পরিবারই ভূমির অধিকারী ছিল। কিন্তু এখন শতকরা ৭০ ভাগ পরিবার ভুমিহীন।
ভুমিহীন পরিবারগুলো দিনমজুরী, লাকড়ি বিক্রি, বাশেঁর কাজ, কাঁকড়া ও কচ্ছপ শিকার ও বিক্রি করে কোনও রকমে দিন গুজরানের চেষ্টা করে। ভুমিহীন হওয়ার কারনেই তাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। তদুপরি যতটুকু ভূমি আছে এই সম্প্রদায়ের হাতে তাও বেহাত হয়ে যায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অথবা সংখ্যাগুরু জাতি-গোষ্ঠীর জমি দখলকারীদের হাতে।
তাদের আদি সমাজ মাতৃতান্ত্রিক হলেও বর্তমানে কিছু পরিবার পিতৃতান্ত্রিক হয়ে উঠেছে। তাদের অনেকেই পুরনো যুগের মত গানী, গান্দো, বিকমাচু, রিকমাচ পরিধান করে, আবার অনেকে শাড়ী, ব্লাউজ, কামিজ, পাজামা, সালোয়ার, শার্ট, প্যান্ট, লুঙ্গি, জুতা ইত্যাদি পড়ে।
মাতৃতান্ত্রিক পরিবারের সন্তানরা মাতার গোত্রের মাহারির নাম ধারন করে আর পিতৃতান্ত্রিক পরিবারের সন্তানরা মাঙ্গুরির নাম ধারন করে।
গারোদের বিয়ের পদ্ধতিতে রকমফের আছে। ’দ-দক্কা বা ছাবুক নিয়া’ ধরনের বিয়েতে পাত্র-পাত্রীকে পাশাপাশি বসানো হয়। খামাল (কাজি/পুরোহিত) তাদের কিছু বলার পর দু’জনের পিঠে চাপড় দেয়। তার পর দুটি মোরগ-মুরগী হাত দিয়ে এক টানে দু’ভাগ করে। মোরগ-মুরগী লাফালাফি করে এক হলে খামাল বুঝে বিয়ে স্থায়ী হবে, অন্যথায় বুঝতে হবে বিয়ে স্থায়ী হবে না।
কম্বল বিয়ের (নাপ্পেখুয়া) ক্ষেত্রে পাত্র-পাত্রীকে এক ঘরে এক বিছানায় রাত্রি যাপন করতে দেয়া হয়। দু’জনের মিল হলে বাড়ির উপস্থিত সবাইকে তা জানানো হয়। এতে বিয়ে বৈধ বলে গণ্য হয়।
সেক্কা সত্তা (পালিয়ে বিয়ে অর্থাৎ লাভ ম্যারেজ) বিয়েতে মতানৈক্য হলে দু’জনকে অন্যত্র পাঠানো হয়। তাদের এক সাথে রাত্রি যাপন করতে হয়। অবৈধ রাত্রি যাপনের কথা গ্রামবাসী জানলে তাদের স্বীকার করতে হয় তারা স্বামী-স্ত্রী। একথা স্বীকার করা মানে গ্রামকে ’দত্তী’ দেয়া। এতে তাদের অশুদ্ধি কেটে যায়। এর পর খবর তাদের বাড়িতে পৌঁছায় এবং পরে বাড়ির অনুমতিতে তাদের সংসার শুরু হয়।
প্রত্যেকটি জাতি-গোষ্ঠীই নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে চায়, সামর্থ্য থাকলে বিকাশও ঘটায়। মান্দি বা গারোরাও সে ধারা বহির্ভূত নয়। আবার তারা স্বতন্ত্র জাতি-গোষ্ঠী হলেও তারা বাংলাদেশেরই নাগরিক, এ ভূখন্ডে রয়েছে তাদের জন্মগত অধিকার। অথচ বাস্তব অবস্থা এই যে, ভূমিসন্তান হয়েও, নাগরিক হয়েও তারা সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
ইকো পার্ক, বন উন্নয়ন প্রকল্প ইত্যাদির নামে তাদের মৌলিক অধিকার ক্ষুন্ন করা হচ্ছে, তাদেরকে তাদের বাসভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সংবেদনশীল মানুষের উচিত প্রতিটি সংস্কৃতি, প্রতিটি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক স্বাতন্ত্র্য রক্ষায় সোচ্চার হওয়া।
