নোয়াখালীর হোগলা শিল্পের বিকাশে প্রয়োজন পৃষ্ঠপোষকতা
নোয়াখালী সদর উপজেলা থেকে ১২ কিলোমিটার পশ্চিমে খলিফার হাট এলাকার প্রায় তিন হাজার লোক হোগলা চাষের সাথে জড়িত। এখানকার প্রায় ৩২৫ হেক্টর জমিতে হোগলা গাছের চাষ হয়।
পূর্ব পুরুষের আমল থেকে বংশপরম্পরায় হোগলার চাষ হচ্ছে এ এলাকায়। হোগলা চাষীরা জানান, তেমন কোনও কষ্ট নেই। জমিতে হোগলার শিকড় পুঁতে রাখলে ওই জমি পরে বিশাল হোগলা বনে পরিণত হয়।
হোগলা লাগানো হয় বর্ষাকালে আর ফাল্গুন চৈত্র মাসের দিকে এর পাতা কাটা হয়। আষাঢ়-শ্রাবণ মাসে হোগলা গাছে ফুল আসে। সেই ফুলের গোড়ার অংশকে কাপড় দিয়ে ঘসে হলুদ গুঁড়া বের করে তা দিয়ে ভাঁপা পিঠাসহ নান ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। বাজারে প্রতি কেজি গুঁড়া ২০/২৫ টাকায় বিক্রি করা হয়। হোগলা পাতার তৈরি পণ্য বেচাকেনা হয় স্থানীয় খলিফার হাটে। পাইকারেরা এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এসব তৈরি পণ্য নিয়ে যায়। চোরাই পথে ভারতেও এসব পণ্য রপ্তানি হয় বলে স্থানীয় লোকজন জানায়। ভারতের খাসিয়া নারীরা চোরাই পথে এখান থেকে হোগলার সামগ্রী ভারতে নিয়ে যায়।
এ পেশার জড়িত কৃষক বেলাল হোসেন (৩০) বিডিনিউজকে বলেন, এক একর জমিতে ধান চাষ করলে ধান হবে ২৫/৩০ মণ, যার মূল্য ১০/১৫ হাজার টাকা। একই জমিতে হোগলা পাতার চাষ করে ২০/৩০ হাজার টাকা বিক্রি করা যায়।
হোগলা পাতায় অনেক সামগ্রী তৈরির সম্ভাবনা থাকলে পর্যাপ্ত প্রশিক্ষণ ও আনুষাঙ্গিক উপকরণের অভাবে চাষীরা হোগলা দিয়ে চাটাই, হাতপাখা ও ঝাড়ু ছাড়া অন্যকিছু তৈরি করতে পারছে না।
হোগলা চাটাই তৈরিতে এ এলাকার ১০ হাজার নারী শ্রমিক কাজ করে। তাদের এক জন আমেনা বেগম (৫০) বলেন, প্রশিক্ষণ পেলে আমরা সৌখিন ও উন্নতমানের জিনিসপত্র তৈরি করতে পারতাম।
হোগলা ব্যবসায়ী কামাল উদ্দিন (৫৫) বলেন, সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে এটি ব্যাপক প্রসার লাভ করত। কিন্তু কৃষকরা এ রকম কোনও সুবিধা পান না।
কৃষি কর্মকর্তা খলিল আজাদ বলেন, কোনও হোগলা চাষী বা ব্যবসায়ী কখনও তাদের কাছে কোনও সহযোগিতার জন্য আসেনি। তিনিও এ শিল্পের প্রসারে ঋণ ও সহযোগিতা দরকার বলে মনে করেন।
