মেঘনার ভাঙ্গনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে হাতিয়া দ্বীপ
মূলভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, মেঘনার মোহনায় জেগে ওঠা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হাতিয়ার অস্তিত্ব বিলীন হতে চলেছে। প্রমত্তা মেঘনার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে হাতিয়া উপজেলা।
বিগত ৩৫ বছরে মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে বড় বড় অট্টালিকা, মসজিদ, থানা হেড কোয়ার্টার, ব্রিটিশ আমলে নির্মিত আদালত ভবন, হাসপাতাল, টেলিফোন ভবন, পুলিশ স্টেশন, হাতিয়া সরকারি কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান।
১৯৬৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ১৫৫ বর্গমাইল এলাকা মেঘনার করাল গ্রাসে নিমজ্জিত হয়েছে। দ্বীপের উত্তর, পূর্ব ও পশ্চিম পাশে ভাঙন অব্যাহত রয়েছে।
গত পাঁচ বছরের ভাঙন হার মানিয়েছে গত ৩০ বছরের ভাঙনকে। উত্তর ললচুরু, সুখচর, চরবগুলা, রামচরন এলাকায় ব্যাপক ভাঙনে ছয় কিলোমিটারব্যাপী জনবসতি নদীগর্ভে বিলীন হয়েছে।
হাতিয়ার বর্তমান থানা সদরও এখন ভাঙনের মুখোমুখি। বিভিন্ন সূত্রে জানা যায়, ভাঙনের কারণে উপজেলার চার লাখ অধিবাসীর মধ্যে ৬০ হাজার পরিবারের এক লাখ লোক এখন গৃহহীন।
বঙ্গোপসাগরে সৃষ্ট জোয়ারের স্রোত হাতিয়া দ্বীপের কূল ঘেঁষে প্রবাহিত হয় বলে ভাঙনের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
হাতিয়ার ভাঙনের সম্ভাব্য কারণ হল জোয়ারের সময় চ্যানেলের বাঁকের প্রসারণ। ১৭৭৯ সালের রেনেলের মানচিত্র থেকে দেখা যায় হাতিয়ার আয়তন ছিল ৩৭০ বর্গকিলোমিটার। পরবর্তী ১৬৫ বছরে আয়তন তিনগুন বৃদ্ধি পায়। কিন্তু এখন গতি উল্টো দিকে।
বিশেষজ্ঞদের ধারণা নদীর স্রোত অন্যদিকে পরিবর্তন করে হাতিয়ার ভাঙন রোধ করা সম্ভব। বিশেষ করে কর্ণফুলি নদীর মোহনা থেকে মেঘনা মোহনা পর্যন্ত ড্রেজিং করা হলে হাতিয়ার ভাঙ্গন রোধ সম্ভব হবে।
১৯৮১ সালে নেদারল্যান্ড বিশেষজ্ঞরা হাতিয়া দ্বীপের ভাঙ্গন রোধ ও ভূমি পুরুদ্ধারের জন্য দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা (এল,আর,পি নং-২০) সরকারের কাছে পেশ করে। এতে বলা হয়েছে হাতিয়ার পশ্চিম উপকূলের মৌলভীর চর, তেল্লার চর, চর গজরিয়া সহ অন্যান্য চরগুলোকে একটির সাথে আরেকটিকে ক্রসবাঁধ দিয়ে যুক্ত করলে হাতিয়ার উত্তর-পশ্চিম উপকূলে প্রচুর ভূমি উদ্ধার হবে।
হাতিয়ার ভাঙ্গন রোধের দাবিতে ইতোপূর্বে দ্বীপবাসী সংবাদ সম্মেলন করেছে, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়া মারফত সরকারের কাছে আবেদন জানিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।
ভাঙ্গন রোধে যদি সত্বর ব্যবস্থা না নেওয়া হয় তা হলে অচিরেই পুরো দ্বীপটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
