কুমিল্লার শিক্ষা ও সংস্কৃতির পথিকৃৎ রামমালা গ্রন্থাগার
মানবজীবনে মহৎ উদ্দেশ্য সাধনে যাঁরা অক্লান্ত পরিশ্রম করে দেশ ও জনগণের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করেছেন, কুমিল্লার কৃতি পুরুষ দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। কঠোর শ্রম, ন্যায়পরায়নতা, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং মহৎ আদর্শের কল্যাণে তিনি নিতান্ত দরিদ্র অবস্থা হতে জীবনে প্রতিষ্ঠা লাভ করেন।
শৈশবে কঠোর দরিদ্রতার কারণে লেখাপড়া করার সুযোগ না পেলেও পরবর্তী সময়ে তার ভাগ্য পরিবর্তন হলে দেশের দরিদ্র জনগণের জ্ঞানার্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে মানব কল্যাণ তথা দেশের সেবা করে গেছেন।
এই কৃতিপুরুষ বৃহত্তর কুমিল্লা জেলার, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানাধীন বিটঘর গ্রামে ১২৬৫ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ন জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় ঈশ্বরদাস তর্কসিদ্ধান্ত সুপন্ডিত ছিলেন এবং মাতা স্বর্গীয় রামমালা দেবী ভক্তিপরায়না নারী ছিলেন। পিতা-মাতার সত্য ও ন্যায়ের আদর্শ তার জীবনে প্রভাব বিস্তার করেছে সবচেয়ে বেশী।
মহেশ চন্দ্র ভট্টাচার্য তার উপার্জিত অর্থ দেশ ও জনগণের সেবায় ব্যয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। রামমালা গ্রন্থাগার তার অমর কীর্তিগুলোর অন্যতম। ১৯১২ সনে জ্ঞানপিপাসুদের জ্ঞান আহরণের সুবিধার্থে তিনি প্রতিষ্ঠা করেন রামমালা গ্রন্থাগার।
বর্তমানে এর তিনটি বিভাগ চালু রয়েছে, যেমন- গবেষণা বিভাগ, সাধারণ বিভাগ ও পুঁথি বিভাগ। এই গ্রন্থাগারে ইসলাম ধর্ম ও দর্শন, বৌদ্ধ ধর্ম ও দর্শন, খ্রীস্টান ধর্ম ও দর্শন, সনাতন ধর্ম ও দর্শন এবং অপারাপর ধর্ম ও দর্শনের বিভিন্ন গ্রন্থ আছে। সাধারণ বিভাগে ছাত্র-ছাত্রীসহ সাধারণ পাঠকের উপযোগী জীবনী গ্রন্থ ইতিহাস, ভ্রমন, সাহিত্য ও দর্শনের গ্রন্থসহ অনেক পত্র-পত্রিকা রয়েছে।
পুঁথি বিভাগে রয়েছে প্রাচীন সংস্কৃতি ও বাংলা পুঁথি। এই বিভাগে সনাতন ধর্ম ও দর্শনের প্রাচীন শাস্ত্রগ্রন্থ ও সংস্কৃতি বিষয়ক হস্তলিখিত গ্রন্থ আছে। দেশের প্রত্যন্ত অঞ্চল হতে এসব পুঁথি সংগ্রহ করা হয়।
এই পাঠাগারে পাঠকদের কাছ থেকে কোনরূপ ফি বা অর্থ গ্রহণ করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর পুঁথি বিভাগ এসব অমূল্য পুঁথিগ্রন্থের মাইক্রোফিলম করে রেখেছে।
কুমিল্লা শহরের উপকন্ঠে শাকতলা নামক স্থানে ১৯৩৫ সালে সুদৃশ্য রামমালা গ্রন্থাগার ভবন নির্মাণ করা হয়। এই গ্রন্থাগারে পন্ডিত রাসমোহন চক্রবর্তীসহ অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি অধ্যয়ন ও গবেষণা করেছেন।
মহেশ চন্দ্র ভট্টাচার্য জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষা ও গবেষণা কর্মের সুদুরপ্রসারী চিন্তা করে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন।
১৯৫০ সালে তৎকালীন সরকার রামমালা গ্রন্থাগারসহ প্রতিষ্ঠানটি রিকুইজিশন করে নেয়ার ফলে বর্তমানে মহেশাঙ্গনে স্বল্প পরিসর স্থানে রামমালা গ্রন্থাগার জ্ঞানপিপাসুদের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে।
বৃহত্তর কুমিল্লা জেলা (তৎকালীন ত্রিপুরা জেলা) সহ সারা দেশের শিক্ষা ও সংস্কৃতিতে কুমিল্লার রামমালা গ্রন্থাগারের অবদান অপরিসীম।
