২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মসাগর: কুমিল্লা শহরবাসীর ক্লান্তি থেকে মুক্তির এক আশ্রয়

এক হিসেবে জানা যায় কুমিল্লার ছোট শহরটিতে মোট ৮৫১টি দীঘি রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে বেশ কয়েকটি ছোট ছোট দীঘি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

দীঘিগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য হলো রানীর দীঘি, নানুয়া দীঘি, উজির দীঘি ও আমির দীঘি। তবে শহরের সবচেয়ে বড় দীঘিটি হচ্ছে ধর্মসাগর। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। দীঘিটির ব্যাপকতা দেখে অনেকে মনে করেন, এই দীঘিটির নাম দীঘি না হয়ে সাগর হওয়া উচিত ছিল।

ধর্মসাগর দীঘির ইতিহাস ৫৪৩ বছর আগের। ত্রিপুরার মহারাজা ধর্মমাণিক্য দরিদ্র জনগণের পানীয় জলের অভাব দূর করতে এই দীঘিটি খনন করেন। তাঁর নামানুসারেই এই দীঘিটির নাম রাখা হয় ধর্মসাগর। রাজা মাণিক্য ১৪৩১ থেকে ১৪৬২ খ্রীষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ ৩২ বছর রাজত্ব করেন। দীঘিটি উৎসর্গের সময় তাম্রলিপিতে লেখা ছিল, “আমা বংশ মরি যেবা হয়ত রাজন। তাহার দাসের দাস হইবেক আমি, আমা কীর্তি ব্রহ্মবৃত্তি না লঙ্ঘিয় তুমি। ” অর্থাৎ “আমার বংশ বিলুপ্ত হলে যদি এই রাজ্য অন্য কোন ভূপতির হস্তগত হয়, তিনি এই ব্রহ্মবৃত্তি লোপ না করলে আমি তার দাসানুদাস হবো।”

এই ধর্মসাগরের পাড়ে বসেই কবি নজরুল রচনা করেছেন অনেক কাব্য ও সঙ্গীত। এ সাগর পাড়েই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের আদি নিবাস ছিল।

সব মিলিয়ে কুমিল্লার ধর্মসাগর হচ্ছে শহরবাসীর সীমাবদ্ধ জীবনের হাপিয়ে ওঠা ক্লান্তি থেকে মুক্তির এক আশ্রয় আর পর্যটকদের জন্য উপভোগ করার মতো একটি বিশেষ স্থান।