২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াগ গান্ধী আশ্রম ও স্মৃতি জাদুঘর: মানব কল্যাণে আত্মনিবেদনের মহান স্মারক

এ যুগে মানব কল্যাণের নিমিত্তে কোনও ব্যক্তির সমগ্র ধ্যান-জ্ঞান, আত্মশক্তি ও কর্মশক্তিকে নিয়োজিত করার দৃষ্টান্ত খুবই বিরল। তদুপরি কেউ না কেউ, কোথাও না কোথাও এমন মহৎ উদ্যোগে নিজেকে নিয়োজিত করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিভাগ-পূর্ব কালে কলকাতার হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার জের ধরে নোয়খালীতে শান্তি ও সম্প্রতি বিনষ্ট হওয়ার উপক্রম হয়; পৈশাচিক তাণ্ডবে ক্ষত- বিক্ষত হয়ে যায় মানুষের জানমাল ও সোনালী স্বপ্ন।

ঠিক তখনই শান্তির ও সম্প্রীতির বাণী নিয়ে ছুটে এসেছিলেন মহাত্মা গান্ধী। আধাঁরের বুক চিঁড়ে মানবতার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিনি সত্য ও সুন্দরের আলোয় আলোকিত করেছিলেন মানুষের জীবনকে। তিনি এসে হিংসা-বিদ্বেষ আর হত্যার রক্ত-আলপনা শান্তির আর সম্প্রীতির চাদরে ঢেকে দেন। সেই দুঃসময়ের স্মৃতি বুকে নিয়ে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জয়াগ গান্ধী আশ্রম ও স্মৃতি জাদুঘর।

ব্যক্তি-জীবনের কর্মকাণ্ড নিয়ে এমন জাদুঘর বিরল। জাদুঘরে প্রবেশ করতেই মহাত্মা গান্ধীর বিশাল আবক্ষ মূর্তি যেকারও নজর কাড়বে। গান্ধীর শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কর্মমুখর জীবনের ১৩০টি ছবি শোভা পাচ্ছে এ জাদুঘরে। বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বিলেতি পোশাক বর্জন করে যে চরকায় সুতা কেটে মানুষকে স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী সে চরকা আজও যেন মানুষের দেশপ্রেম বোধকে নাড়া দেয়। ১৯২৪ সালে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে তোলা গান্ধীর ছবিটি যেন আজও সপ্রতিভ আহ্বানে উদ্বেলিত করে দর্শনার্থীদের।

আশ্রমের ইতিকথা: ১৯৪৬ সালের জুলাই-আগষ্টের দিকে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গার জের হিসেবে নোয়াখালীর সবুজ মাটি মানুষের রক্তে লাল হয়ে যায়। সাম্প্রদায়িক দাঙ্গা থামিয়ে মানুষের মাঝে শান্তি স্থাপন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কিছু সেবামূলক কাজ নিয়ে নোয়াখালী ছুটে আসেন গান্ধী। স্থানীয় এমএলএ হারান চৌধুরীর উদ্যোগে আয়োজিত এক জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় তাঁর যাত্রা। এভাবে ঘুরতে ঘুরতে ১৯৪৭ সালের ২৯ জানুয়ারি তিনি বেগমগঞ্জ উপজেলার জয়াগ গ্রামে এসে পেঁৗঁছেন। নোয়াখালী ও চাঁদপুরে ৪ মাস শান্তি পরিক্রমার পর সাম্পদায়িক দাঙ্গা নিবারণের জন্য গান্ধি বিহারের উদ্দেশ্যে রওয়ানা হন। বিদায় বেলায় হাওড়া স্টেশনে গান্ধী তাঁর সেবক চারু চৌধুরীকে বলে যান ‘তুমি নোয়াখালী ফিরে গিয়ে শান্তি মিশনের কাজ করতে থাক, আমি আসছি।’  সেই থেকে গান্ধীর ফিরে আসার অপেক্ষায় আমৃত্যু চারু চৌধুরী গান্ধী আশ্রমে কাটিয়ে দেন। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকার গান্ধী আশ্রম পরিচালনার জন্য একটি ট্রাষ্ট বোর্ড গঠন করে। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ আশ্রমের মূল ভবনে গান্ধী স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বর্তমানে ১৮৮ জন কর্মী আশ্রমের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনার কাজে নিয়োজিত রয়েছেন। 

যোগাযোগ: গান্ধী আশ্রমে যেতে হলে রাজধানীর সায়েদাবাদ বাসষ্ট্যাণ্ড থেকে সড়ক পথে যেতে হবে নোয়াখালীর প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী। ভাড়া পড়বে জনপ্রতি ১৪০ টাকা। এছাড়া কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনে করেও চৌমুহনীতে যাওয়া যায়। অতঃপর চৌমুহনী থেকে বেবি-টেক্সি যোগে আশ্রমে যেতে হবে। ভাড়া পড়বে ১০০ টাকার মত। বাসেও যাওয়া যায়। বাস ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা  পর্যন্ত জাদুঘর খোলা থাকে।