২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের একমাত্র ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দুরবস্থা

জেলার আমবাগান এলাকায় অবস্থিত দেশের একমাত্র ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রেটিতে প্রচণ্ড দৈন্যদশা বিরাজ করছে। ভূমিকম্পের তীব্রতা নিরূপণে এখনও ব্যবহৃত হচ্ছে মান্ধাতা আমলের সিসমোগ্রাফ। অর্ধশতাব্দির পুরনো এ যন্ত্র দিয়ে ভূমিকম্পের মাত্রা ও দূরত্ব নির্ণয় করা গেলেও উৎপত্তিস্থল ও দিক নির্ণয় সম্ভব হয় না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এই ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রটি ১৯৫৪ সালের মার্চ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ছিল পতেঙ্গায়। ১৯৫৭ সালের অক্টোবরে এটি নাসিরাবাদে স্থানান্তর করা হয় এবং ১৯৬১ সালে এটিকে আরেক দফা স্থানান্তর করে আমবাগানে নিয়ে আসা হয়।

১৯৮৪ সালে এই কেন্দ্রের জন্য যুক্তরাষ্ট্র থেকে একটি সিসমোমিটার কিনে আনা ছাড়া আর কোনও উন্নয়ন হয়নি। এই সিসমোমিটারটিও চালু করা হয় পাঁচ বছর পর ১৯৮৯ সালে। সিসমোগ্রাফ অবজারভেটরির পার্শ্ববর্তী পাহাড়ে আরসিসি স্লাব দিয়ে তৈরী দুটি ভবনে স্থাপিত জিও ম্যাগনেটিক অভজারভেটরি যন্ত্রপাতি ১৯৯২ সালে চুরি হয়ে যায় । এর পর থেকে ওই কেন্দ্রে ভূগর্ভস্থ শীলাস্তর ও ভূমি কাঠামোর ভূ-চৌম্বকীয় বিচ্যুতি নিরূপণ করা সম্ভব হয় না ।

কেন্দ্রের তিনটি সিসমোগ্রাফ যন্ত্রের দুটিই ১৯৯৬ সালে নষ্ট হয়ে যায়। এছাড়া কেন্দ্রে গ্রিনিচ মান অনুযায়ী সময় নির্ধারণের কোনও আধুনিক ব্যবস্থা নেই।

আবহাওয়া বিভাগ সূত্র জানায়, সিসমিক প্রকল্পের আওতায় বর্তমান কেন্দ্রটি ছাড়াও ঢাকা, রংপুর ও সিলেটে মোট তিনটি নতুন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের ভৌত অবকাঠামো তৈরি করা হয়েছে। নতুন যন্ত্রপাতির মাধ্যমে বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা কেন্দ্রগুলো যেকোনও সময় চালু করা যায়। চারটি পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে একটি সিসমিক কেন্দ্র গড়ে তোলা হবে বলেও সূত্র জানায়।

এদিকে সোমবার রাতে বন্দর নগরীতে এক মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কাছাকাছি সময়ে ইন্দোনেশিয়াও ভূকম্পন অনুভূত হয়। বন্দর নগরীতে রাত ১০টা ১৪ মিনিটে দুই সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনের মাত্রা ছিল পাঁচ। এর উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ৪২৮ কিলোমিটার দূরে।