সুনামির এক বছর
গত বছরের ২৬ ডিসেম্বর ভয়াল সুনামি আঘাত হেনেছিল ভারত মহাসাগরে। ভয়াল সেই দিনে নিকোবর দ্বীপে জন্ম নিয়েছিল একটি ফুটফুটে শিশু। এলাকাবাসী শিশুটির নাম রেখেছিল ‘সুনামি’। দেখতে দেখতে শিশুটি সোমবার দু’ বছরে পা রাখছে।
সাগর ভীষণ উত্তাল, বিক্ষুব্ধ। দানব সাগর খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব ঘর--বাড়ি। অসহায়ের মতো মানুষ মরছে, সঙ্গে চলছে বাঁচবার প্রাণান্ত চেষ্টা। আন্দামান নিকোবর দ্বীপের মানুষ বুঝি নিশ্চিহ্ন হতে চলল সাগরের অতল গহ্বরে।
তরুণী মা নমিতা । পায়ের নীচের পৃথিবী বারবার কেঁপে উঠছে, নমিতা রণেবিধ্বস্ত, অচেতন । সাগর জলের ভীষণ স্রোতে কোন রকমে প্রাণটুকু সম্বল করে দূরের একটা পাহাড়ে বহু কষ্টে সে আশ্রয় পেয়েছে, রুদ্রমূর্তি সাগরের কাছ থেকে হিংস্র শ্বাপদের সাথে এখন তার মিতালী।
ঠিক তখনই লণ্ডভণ্ড সেই দ্বীপ দেখবার আকাংখায় উন্মুখ এক নতুন স্পন্দন, নতুন প্রাণ। তারে আজ ঠেকায় কে? প্রাণান্ত যুদ্ধে মত্ত মায়ের সুতীব্র অন্ধকার জঠরে সে আজ নতুন জীবনের কেতন ওড়ানোর প্রতিজ্ঞা করেছে যে!
নমিতার নাড়ী ছিঁড়ে হঠাৎ সুনামির চিৎকার- যেন রুদ্র প্রকৃতির পটভূমিকায় জীবনের জয়কেতন উড়লো।
শুরু হলো এক নতুন গল্প। সুনামি কে বাঁচাতে হবে। কিন্তু সাগরের নোংরা, ঘোলা নোনা জল ছাড়া কি আছে আর?‘সুনামি’ কি তবে হেরে যাবে? না। ও হেরে যায়নি, ও তো অজেয়।
নারকেল পাতায় ছাওয়া মাটির উঠোনে কি নিবিড় প্রশান্তিতে আজ এক বছরের ’সুনামি’ ঘুমিয়ে আছে ! কপালে অমঙ্গলের তিরষ্কারে কাজলের কালো তিলক আঁকা। সাগরের মৃদু ঠাণ্ডা বাতাস খেলা করছে তার চুলের সাথে। ক্ষণিকের জন্যে শান্ত হয়ে আছে ঘুঙুর বাঁধা চঞ্চল পা দুটো । দানে পাওয়া গায়ের ছোট্ট গেঞ্জিটার বুকপাশে লেখা “পাওয়ার অব নেচার”-ও যেন এই বজ্রকঠিন প্রকৃতির অনেক মমতায় লব্ধ মানসপুত্র।
‘আজকের দিনটি আপনারা কিভাবে উদযাপন করবেন’-এ প্রশ্নের উত্তরে বাবা লক্ষ্মী নারায়ণ বললেন ‘না বাবা না, ওকে নিয়ে এখনই আমরা স্বপ্নে মেতে উঠতে চাই না। সবে তো ওর এক বছর হোলো, আর আয়োজন বলতে- নারকেলের সুস্বাদু কোনো খাবার আর ছোট্ট সুনামির জন্যে একটা নতুন জামা,ব্যাস এটুকুই।
এ দ্বীপের সবাই চেনে ছোট্ট মিষ্টি সুনামিকে। যে কারো কাছে জানতে চাও, ঠিক আঙ্গুল তুলে দেখিয়ে দেবে নারকেল পাতায় ছাওয়া সুনিবিড় বাড়িটিকে-
‘ঐ তো ঐখানে ছোট্ট সুনামির বাসা’।
সাগর পাড়ের মা তাকে ডাকতে চায় ‘ওশান’ নামে। কিন্তু তার ছোট্ট সোনা যে শুধু সুনামি নামেই সাড়া দেয়।
গর্বে বুক ভরে ওঠে মা’র ‘ সুনামি আমার ভাগ্যবান সন্তান, ও আমাদের জন্যে সৌভাগ্য নিয়ে এসেছে’ আপনমনে মা বলে।
কিন্তু মায়ের এই ভালোবাসা অনেক শঙ্কা আর আতংকে ভরা।
যতবারই তার ছোট্ট সুনামির নাম সে শুনতে পায়, ততবারই কেমন একটা দমবন্ধ করা ভীতি আচ্ছন্ন করে মা নমিতাকে... মনে পড়ে যায় আসল ‘সুনামির’ কথা।
