মঙ্গা: ঈদের দিনেও বড় ডিংপাড়ার সাড়ে পাঁচশ’ পরিবারে আনন্দ ছিলো না
বয়সের ভারে নুয়ে পড়া ৮০ বছরের মনোয়ারা পেটের জ্বালায় সকালেই বেরিয়েছিলো মানুষের দ্বারে দ্বারে ঘুরে দু’মুঠো চাল যোগাতে। কিন্তু দু’দিনের অভুক্ত শরীর তাতে সায় দেয়নি। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর প্রতিবেশীরা ধরাধরি করে উঠোনে এনে একটি ছালার বস্তার ওপর শুইয়ে রেখে গেছে।
আহাজারি করে সে প্রতিবেশীদের বলছিলো, ‘মোক ভিখ করিবার যাবার দিলেন না, মরি পরি থাকিম, এখন মোক খাবার আনি দেও।’ কিন্তু প্রবিবেশী কারো ঘরেও তো চুলো জ্বলেনি।
গ্রামে গ্রামে ঈদগাহের জামাতে একসাথে ঈদের নামাজ পড়া ছাড়া আর কোনও বিশেষত্ব ছিলো না মঙ্গা পীড়িত উত্তরবঙ্গের জেলা নীলফামারীতে। ব্যতিক্রম দু’একটি পরিবার ছাড়া আলোচিত গ্রাম নীলফাামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বড় ঢিংপাড়ার পরিবারগুলো ছিলো অভুক্ত।
সাড়ে পাঁচশ’ পরিবারের ডিংপাড়ার অভাবী পরিবারের লোকজনের কাছে ঈদের দিনটি ছিলো আর দশটি দিনের মতো নিরানন্দ। ব্যতিক্রম দু’একজন মানুষ এদিন টুকটাক কাজ করে এক থালা ভাতের সাথে সামান্য আলু ভাজা, বড় জোড় এক/আধ পোয়া মাংস জোগাড় করতে পারলেও বেশিরভাগ মানুষই তাদের উনুনে আগুন জ্বালাতে পারেনি।
গতরখাটানো ক্ষেত মজুর সোহরাব আলী কাজ করেই বাঁচতে চায়। শরীরে শক্তি থাকতে কারো কাছে সে হাত পাততে নারাজ। কিন্তু এবার কাজের নাগাল নেই। কাজের জন্যে এ গ্রাম ও গ্রাম ঘুরে ব্যর্থ হয়ে দু’দিন উপোস করেছে পরিবার নিয়ে। কিন্তু শিশু সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে নীরব থাকা আর তার পক্ষে সম্ভব হয়নি। ঈদের আগের দু’দিন সে শহরে বড়লোকের বাড়ি বাড়ি ঘুরে ফিতরার টাকা সংগ্রহ করে ঈদের দিনের জন্যে আড়াইশ’ গ্রাম গরুর মাংস এনেছিলো পঁচিশ টাকায়। তাই দিয়ে হয়েছে তার ঈদের খাবার।
মোক্তার হোসেন বাকীতে প্রতিবেশীর একটি হাঁস নেয় ঈদের দিনের জন্যে। নামাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী-সন্তানদের নিয়ে তা কাটাকুটি করছিলো মহানন্দে। কিন্তু সপ্তাহ শেষে হাঁসের দাম হিসেবে দিতে হবে ৮০ টাকা। এই ভাবনায় তার কপালে পড়েছে চিন্তার বলি রেখা।
পুরো গ্রাম ঘুরে সোহরাব ও মোক্তারের মতো আর কাউকে পাওয়া গেলো না, যাদের বাড়িতে এরকম সামান্য আনন্দও আছে।
মরা কার্তিকের নিদারুণ অভাবে বিপর্যস্ত গ্রামটিতে সরকারী তেমন কোনও ত্রাণ পৌঁছেনি এই মঙ্গার দিনগুলোতেও।
বড় ডিংপাড়ায় বসবাসকারী সাড়ে পাঁচশ’ পরিবারের সবাই অভাবী। অশিতিপর মনসুর আলী, পক্ষাঘাতগ্রস্ত ৬৫ বছরের ফুলবালা, যুবতী কমলা, মধ্য বয়সী সামিনাসহ এ গ্রামের প্রত্যেকটি মানুষকেই মঙ্গা তাড়িয়ে বেড়ালেও ভিজিএফ ও স্বল্পমূল্যে চালের কার্ড পাওয়া ভাগ্যবানের সংখ্যা মাত্র ৩৭। সম্প্রতি স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে পরিবার প্রতি চার কেজি করে চাল দেওয়া হয়েছে। ত্রাণ বলতে তারা পেয়েছে এটুকুই।
এ গ্রামে খবর সংগ্রহ করতে গিয়ে এখন সাংবাদিকদেরও পড়তে হয় বিড়ম্বনায়। বড় ডিংপাড়ার অধিকাংশ মানুষের মতো বুলবুলি বেগমের অভিযোগ, প্রতি বছর মঙ্গা শুরু হলে সাংবাদিকরা এসে ছবি তুলে নিয়ে যায়, সেই ছবি তারা বিদেশে বিক্রি করে অনেক টাকা পায়, কিন্তু তাদের ভাগ্যটা বদলায় না।
গ্রামের অধিকাংশ মানুষ এখন আর সাংবাদিকদের ছবি তুলতে দেয় না। ছবি তুলতে গেলে তেড়ে আসে।
অভাবের তাড়নায় নববধূকে রেখে ঢাকায় গিয়ে দু’মাস রিকশা চালিয়ে ফিরে আসা যুবক অহেদুলের আক্ষেপ, ‘হামার গ্রামের কথা পেপারোত লেখেন, হামরাতো কিছুই পাই না। খালি খালি সারা দেশোত হামার গ্রামের দুর্নাম।’
