পাকিস্তানে ভূমিকম্প কবলিত এলাকা পুনর্গঠনে নেমেছে শিশুরা
দুঃসাহসী সব ক্ষুদে হিরোরা এখন মুজাফ্ফরাবাদে। প্রলয়ঙ্করী ভূমিকম্পের তিন সপ্তাহ পর আবার সবকিছু ঢেলে সাজানোর কঠিন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে শিশুরা।
শহরের ডায়মণ্ড বুকশপটিতে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু নেই। মাসরুর (১৪) ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো সাজাতে তার বাবাকে সাহয্য করছিল। ইটকাঠের ভগ্নস্তূপ থেকে বের করে আনছিল মাসরুর। বাবার দোকানটিকে আবার ঢেলে সাজানোর ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করতে ভালোই লাগছে মাসরুরের।
মুজাফ্ফরাবাদ শহরে মোট বিদ্যালয়ের সংখ্যা এক হাজার একশ’। ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রায় আটশ বিদ্যালয়। শিশুদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না হয় সেজন্য দ্রুত পদক্ষেপ নেয় ইউনিসেফ। শিবির গড়ে বিভিন্ন এলাকায় স্কুল চালানোর ব্যবস্থা করে দেয় ইউনিসেফ।
অন্যদের মতো কলেজ ছাত্রী নাজিয়া জিলানি তার কলেজ ক্যাম্পাসের একটি শিবিরে শিক্ষক হিসেবে স্বেচ্ছাসেবা দিচ্ছে। চার থেকে ১২ বছর বয়সী দেড়শ শিশু নাজিয়ার কাছে গণিত ও চিত্রাঙ্কন শিখছে।
ছয় বছরের মরিয়ম পড়ে ক্লাস ওয়ানে। স্কুল চলে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত। স্কুল শেষে সে খেলাধূলার জন্য কিছু জন্য খেলনা চায়।
ইউনিসেফ শিশুদের জন্য ইতিমধ্যেই সরবরাহ করেছে স্কুলব্যাগ, প্রয়োজনীয় বইপত্র, স্লেট, কলম, পেন্সিল এবং শার্পনারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। ভূমিকম্পদুর্গত শিশুদের মুখের হাসি ফিরিয়ে আনতে খেলাধূলার বিভিন্ন উপকরণও সরবরাহ করা হয়েছে।
শিবিরে অবস্থানকারী শিশুদের কাছে ইউনিসেফের কর্মকর্তা খালেদা খুব প্রিয়। শিশুরা তাকে হাততালি দিয়ে স্বাগত জানায় এবং চলে যাওয়ার সময় গাড়ির চারপাশে ভিড় করে আসে তাদের আঁকাআঁকি দেখানোর জন্য।
জালালাবাদের একটি শিবিরের স্বেচ্ছাসেবক শিক্ষিকা সায়েরা সক্রিয় সহযোগিতা দিচ্ছে দেড়শ’ শিশুকে। তার শিক্ষার্থী মরিয়ম (১০) বেশ প্রাণোচ্ছ্বল। মরিয়ম ইংরেজিতে একটি গল্প লিখেছে, সমস্ত মুজাফ্ফরাবাদ এখন মৃত। কারণ, যারা জীবিত তাদের শরীরে এখন রয়েছে শুধু চামড়ায় ঢাকা কঙ্কাল। প্রত্যেকেই দু-এক জন করে আত্মীয়-পরিজন হারিয়েছে।
শহরের সবকটি শিবিরেই শিশুরা খুব আগ্রহ নিয়ে লেখাপড়া করছে। এসব শিশু-কিশোরদের অনেকেই হারিয়েছে তাদের বন্ধুবান্ধব। তারা যেন খুব দ্রুতই শিখে নিতে পারছে জীবনে বেঁচে থাকার সব মন্ত্র।
আল আব্বাস চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটের চিত্র আবার অন্যরকম। আমানসহ (১০) আরও দশজন শিশু ভূমিকম্পের পর এখান থেকে চিকিৎসা নিয়ে পরিবারের কাছে ফিরে গেছে। আমান ছিল মানসিক ভারসাম্যহীন এক শিশু। হাসপাতালের পাশেই তাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আইসিআরসি, ইউনিসেফ, সমাজকল্যাণ এবং নারী উন্নয়ন বিভাগের যৌথ প্রচেষ্টায় আমানের বাড়ি খুঁজে পাওয়া সম্ভব হয়। আমানের বাবা জামিল শাহকে চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে সত্তর বছর বয়সী মোবারক শাহ ইনস্টিটিউটে এসেছেন তার নাতি আমানকে নিতে।
চোখের পানি ছেড়ে দিয়ে মোবারক শাহ বললেন, খুব দুশ্চিন্তায় ছিলাম। ওর বাবা বাড়িতে ছিল না। আমি তো অসহায়। হঠাৎই তার সন্ধান পেলাম।
হাস্যোজ্বল আমান ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মান্নান রানার ক্যামেরা কেড়ে নিয়ে সবাইকে পোজ দিতে বলে। আবার ক্যামেরা নিয়ে লেগে যায় উড়ন্ত হেলিকপ্টারের ছবি তুলতে।
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আফসানা (১০)। বাম পায়ে আঘাত পেয়েছে সে। আফসানা বাড়ির ফেরার অপেক্ষায় আছে। চিকিৎসারত আয়াদ হাসান (১৩) দ্রুত বাড়ি ফিরে গিয়ে মিনার গল্পগুলো পড়তে চায়।
বালাকোট থেকে ১৫ কিমি দূরে গারহি হাবিবুল্লায় দুই হাজার লোকের জন্য ৩৯৪ টি শিবির খাটানো হয়েছে। শিবিরে প্রতি তিনশ’ জনে পাঁচ জন শিশু রয়েছে। ক্যাম্পের জীবন এ শিশুদের ভূমিকম্পের ধ্বংসলীলা আর পরিবারের হারানো সদস্যদের কথা মনে করিয়ে দেয় বারবার।
শিবিরে অবস্থানরত শিশু ফাতেমা (১৩) জানায়, আমি শুধু আমার মাকে একটা ফাটল দিয়ে নিচে পড়ে যেতে দেখেছি। এরপর আর কিছু আমার মনে নেই।
এসব শিশুরা এখন ইউনিসেফের সহায়তায় শিবিরে অনানুষ্ঠানিক শিক্ষা নিচ্ছে। সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় কাজ করছে ইউনিসেফ। ইউনিসেফ তাদের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন এবং চিকিৎসা নিশ্চিত করেছে । কখনও কখনও শিশুরা তাদের ধ্বংসযজ্ঞের কথা ভুলে ক্রিকেট খেলছে, খেলছে বেলুন নিয়ে।
সামনেই শীত। শীতের সময় শিবির ব্যবস্থাপনা বেশ কঠিন হয়ে উঠবে। সামনের দিনগুলোতে আরও লোকজন আশ্রয় নেবে গারহি হাবিবুল্লাহ ক্যাম্পে। চাহিদার তুলনায় শিবির রয়েছে অল্পই।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান ভেনিম্যান গত রোববার এ ক্যাম্পটি ঘুরে গেছেন। এসময় তিনি দুর্গত শিশুদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
