২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজো উৎসবে মেতেছেন চাঁপাইনবাবগঞ্জের হরিজনরাও

আকাশে শরতের অলস সাদা মেঘেদের ভেসে বেড়ানো। নদীর ধারে সাদা কাশের উদ্ভাস। পথে পথে আলোকসজ্জা। ঢাকের আওয়াজ, কাঁসার ঢং ঢং। মাইকের গান, পুজোর কলরব। সেজেগুজে পুজো মন্ডপে ছোটাছুটি।

রবিউল হাসান ডলার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শহরের মাঝখানে একটা পূজোমন্ডপের পাশ দিয়ে যেতেই পুজোর এক অন্যরকম হিল্লোল অনুভূত হয়। কানের ভেতর মরমীর সুর ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ আর ঢাকের বাদ্যি।

এমন বাদ্য বাজনা আছে, চন্ডীপাঠ আছে, ধুপের ধোয়া আছে, ধুনুচি নাচ আছে, দুর দুরান্তের মানুষের সাথে দেখা হবার সুযোগ আছে। বিজয়ার জলসার টান আছে, তবু কালো একটা ছায়া যেন কাটতে চায়না। সব মানুষের মিলন কি ঘটেছে পূজোয়? তা হলে হরিজন পল্লীর মানুষগুলো কোথায়?

ওদের কিন্তু সুযোগ মেলেনি হাজারও মানুষের ভিড়ে ভেরার।

তবে হরিজন পল্লীর নিজেদের আয়োজনেরও খামতি নেই। কোন সংকটই দমিয়ে রাখতে পারেনি হরিজন পল্লীর শারদীয় দূর্গোৎসবকে। নিজেদের অস্তিত্ব প্রমান করতে তারাও মেতেছে উৎসবে।

৪০ টি পরিবারের এ চাঁপাইনবাবগঞ্জ হরিজন পল্লী কবে থেকে চালু হয় তা এখানে বর্তমান বসবাসরত কারো জানা নেই। এছাড়া শহরের মধ্যে আরো ৩০ টি হরিজন পরিবার ছড়িয়ে আছে। কিন্তু হরিজনদের মাঝে কোনদিনই পূজো উদযাপন হয়নি। গেলোবারের পূজোয়ই প্রথম এখানকার কয়েকজন উদ্যোমী যুবকের প্রচেষ্টায় দূর্গোপূজো শুরু হয়। কিন্তু সেখানেও বিপত্তি। শুরুতে অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখেছিলেন। হরিজন বলে এ পূজোকে তারা স্বাভাবিকভাবে মেনে নেয় নি, আসেননি একনজর প্রতিমা দর্শনে। সবকিছু মেনে নিয়ে এবছরও আয়োজন করা হয়েছে পুজোর। তবে এবারের চিত্র অনেকখানি পাল্টে গেছে। হরিজনদের গড়া প্রতিমা দেখতে দুর দুরান্ত থেকে অভিজাত পরিবারের হিন্দুরাও আসছে এবং তারা এ পল্লীতে এমন আয়োজন দেখে প্রশংসাও করছেন বলে জানালেন হরিজন পুজো উদযাপন কমিটির সভাপতি শ্রী রাজেন হরিজন।

তিনি জানান, পুজো উদযাপনের জন্য তাদের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। পুজো উদযাপনে যা ব্যয় হয় তার তুলনায় অনুদান অপ্রতুল। এবারের পুজোতে ব্যয় হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। তবে অনুদান পেয়েছেন প্রায় ৬ হাজার ৯ ’শ টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ ৫ হাজার ৯শ এবং পৌরসভা থেকে ১ হাজার টাকা। এছাড়া তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে পুজোর ব্যায় সম্পাদন করেছেন। পূজোর দিনগুলো এই হরিজনরাও আনন্দের সাথে উপভোগ করতে চান। নিজের খরচ হলেও পূজো উদযাপন করতে পেরে তারা বেজায় খুশি।