২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদাভিত্তিক শ্রমশক্তি গড়তে ৩০ কোটি ডলার দেবে এডিবি

এই কর্মসূচিতে বিশেষ করে নারী এবং সুবিধাবঞ্চিতদের অন্তর্ভুক্ত করে দক্ষ এবং উচ্চ দক্ষ শ্রমিক হিসেবে তৈরি করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 08:41 PM

Updated : 28 Aug 2023, 08:42 PM

চাহিদা অনুযায়ী শিল্পের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ২৮৫ কোটি টাকা। 

শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে এই অর্থ ব্যয় করা হবে। 

‘দক্ষ শ্রম শক্তি গড়ে তোলার মাধ্যমে শিল্প প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবন’ শীর্ষক একটি কর্মসূচি বাস্তবায়নের জন্য এই অর্থ দিচ্ছে সংস্থাটি। 

দুই শতাংশ সুদের এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। 

এ বিষয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তি হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং এডিবির পক্ষে স্বাক্ষর করেন। 

এতে আরও জানানো হয়, এই কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে নতুন এবং উদীয়মান চাহিদাভিত্তিক অগ্রাধিকার খাতে প্রযুক্তির জন্য দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা। 

এই কর্মসূচিতে বিশেষ করে নারী এবং সুবিধাবঞ্চিতদের অন্তর্ভুক্ত করে দক্ষ এবং উচ্চ দক্ষ শ্রমিক হিসেবে তৈরি করা হবে। 

কর্মসূচিতে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের জন্য দক্ষতা উন্নয়নে শিল্প ও বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বকে উৎসাহিত করা হবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিয়াংবো নিং বলেন, “২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার জন্য দক্ষতা বৃদ্ধিই বাংলাদেশের একটি প্রধান অগ্রাধিকার। 

"দক্ষতা বিকাশে এডিবির বিশাল অভিজ্ঞতা রয়েছে। এই কর্মসূচিতে প্রযুক্তিভিত্তিক দক্ষতার মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব হবে। “এই কর্মসূচি শিল্পের প্রতিযোগিতা বৃদ্ধি এবং জনমিতিক সুবিধা গ্রহণে সহায়তা করবে।” 

এই কর্মসূচির মাধ্যমে পোশাকখাতসহ অগ্রাধিকার শিল্পের জন্য মধ্যস্তরের ব্যবস্থাপক উন্নয়ন কোর্সকে শক্তিশালী করা হবে।