কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে: কৃষিমন্ত্রী
"সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় তলাবিহীন দেশ এখন উন্নত বিশ্বের কাতারে,” বলেন মন্ত্রী।
খাদ্য নিরাপত্তার জন্য কৃষিতে বড় আকারে ভর্তুকি অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বেশি ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার। আর খাদ্য নিরাপত্তার জন্য কৃষি খুবই গুরুত্বপূর্ণ।"
জাপানের উদাহরণ টেনে তিনি বলেন, "জাপানের জিডিপিতে কৃষির অবদান শতকরা দুই ভাগেরও কম, কিন্তু জাপান সরকার খাদ্য নিরাপত্তার জন্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য বিশাল ভর্তুকি দিয়ে যাচ্ছে। কৃষিতে ভর্তুকি প্রদানকারী শীর্ষ দেশের একটি জাপান।"
২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করে তিনি বলেন, "যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকার কাজ করছে।
“সেজন্যই কৃষির যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের জন্য আজকে ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কৃষিযন্ত্র দেওয়া হচ্ছে।
"সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় তলাবিহীন দেশ এখন উন্নত বিশ্বের কাতারে। কিছুক্ষেত্রে বাংলাদেশ আজ রেফারেন্স কান্ট্রি। বিশ্ব আমাদেরকে রোল মডেল হিসেবে কন্সিডার করে। আর এক্ষেত্রে কৃষির অবদান রয়েছে।"
২০৪০ সালের মধ্যে দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়ার জন্য সরকার ‘বিরামহীনভাবে’ কাজ করছে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, "আমরা সব এসডিজি গোল পূরণ করার লক্ষ্য নিয়েছি। ২০৪১ সালের মাঝে আমাদের মাথাপিছু আয় ১২০০ ডলার হবে। ইচ্ছে থাকলে ২০৪১ এর আগে উন্নত দেশ হওয়া অবশ্যই সম্ভব।"
'গতানুতিক কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তরে করণীয়' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
কৃষিমন্ত্রী বলেন, "স্মার্ট বলতে আমরা বোঝাচ্ছি অল্প জমিতে বেশি উৎপাদন বেশি লাভ। কীভাবে খরচ কমিয়ে বেশি উৎপাদন করা যায় সেটাই স্মার্ট কৃষি। আজকে যেহেতু আমাদের অনেক প্রযুক্তি আছে, তাই আমরা আমাদের কৃষি কাজে এগুলো ব্যবহার করতে চাই। আমাদের আরও প্রোডাক্টিভিটি দরকার।"
এসময় তিনি সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, ব্যবসায়ীদের কৃষিতে এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন, যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করতে হবে। তাহলেই কৃষি দ্রুত আধুনিক হবে।
তবে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘যোগ্যতম নেতার প্রয়োজন’ সবচেয়ে বেশি বলে মন্তব্য করেন রাজ্জাক।
তিনি বলেন, "আমি আর পাঁচ ছয় মাস আছি। তারপর অন্য কেউ আসবে এবং কৃষিকে এগিয়ে নিয়ে যাবে।"
আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার মো. সামির সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এম এ সাত্তার মণ্ডল, আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ডিসিসিআই-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এসএম গোলাম ফারুক আলমগীর (আরমান) সেমিনারে বক্তব্য রাখেন।
এছাড়া একুয়ালিংক-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গফুর বশির, আইফার্মার ফাহাদ ইফাজ, প্রাণ আরএফল গ্রুপের সিইও এবং চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্যানেল আলোচনায় অংশ নেন।
