এআইআইবি’র ২৫ কোটি ডলার বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ
৩ শতাংশ সুদের এ ঋণ পরিশোধে সময় পাওয়া যাবে সাড়ে ২৬ বছর।
ডলার সংকটের মধ্যে বাজেট সহায়তা হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে ২৫ কোটি ডলারের বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ।
সামাজিক উন্নয়নকে অধিক সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করার একটি প্রকল্প বাস্তবায়নে ঋণের এ অর্থ ব্যয় করবে সরকার।
বর্তমান বিনিময় মূল্যে (১ ডলারে ১০৪ টাকা) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা।
বুধবার এ বিষয়ে বাংলাদেশ সরকার ও এআইআইবি দ্বিপক্ষীয় একটি চুক্তি সই করেছে। ভার্চুয়াল মাধ্যমে এ চুক্তি সইয়ের কথা জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
ইআরডি সচিব শরিফা খান ও বেইজিংভিত্তিক এআইআইবির (বিনিয়োগ কার্যক্রম অঞ্চল-১) ভাইস প্রেসিডেন্ট উরিজিৎ আর প্যাটেল চুক্তিতে সই করেন।
তিন বছরের রেয়াতকালসহ ২৬ বছর ৬ মাসে প্রায় ৩ শতাংশ সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে বলে জানায় ইআরডি।
ইআরডি জানায়, এ বাজেট সহায়তা দিয়ে সরকার কোভিড-১৯ মহামারী থেকে নিম্ন আয়ের মানুষকে রক্ষা ও দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য ‘সামাজিক স্থিতিশীলতা কার্যক্রম শক্তিশালীকরণ’ কর্মসূচি বাস্তবায়ন করবে।
এ কর্মসূচি দেশের সামাজিক উন্নয়নকে অধিক সংবেদনশীল করা, সুবিধা বঞ্চিতদের আর্থিক অন্তর্ভূক্তির উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানো এবং চাহিদা অনুযায়ী স্বাস্থ্য সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
২০১৬ সালে কার্যক্রম শুরু করা এআইআইবি এ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ২৭৯ কোটি ডলারের চুক্তি করেছে বলে জানায় ইআরডি।
এর মধ্যে গত তিন বছরে ১০৫ কোটি ডলারের বাজেট সহায়তা রয়েছে, যা দিয়ে কোভিড-২৯ মহামারী মোকাবেলা ও কোডিড-পরবর্তী অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে ব্যয় করা হয়।
