২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অবকাঠামো ও জলবায়ু প্রকল্পে অর্থায়নের প্রস্তাব এআইআইবির

“তাদের প্রস্তাবে আমরা খুবই আনন্দিত; তাদের এই ধরনের বিনিয়োগ নীতি রয়েছে, যা আমাদের জন্য ভালোই হবে,” বলেন অর্থমন্ত্রী।

অবকাঠামো ও জলবায়ু প্রকল্পে অর্থায়নের প্রস্তাব এআইআইবির

সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে এআইআইবির প্রতিনিধি দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 02:19 PM

Updated : 05 Mar 2024, 02:19 PM

বাংলাদেশের অবকাঠামো ও জলবায়ু সহনশীল প্রকল্পে নতুন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বেইজিংভিত্তিক আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক- এআইআইবি।

সচিবালয়ে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট রজত মিশ্র ও তার প্রতিনিধি দলের সাক্ষাতে এমন প্রস্তাব আসে বলে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার জানান।

বৈঠকের বিষয়ে রজত মিশ্র সাংবাদিকদের বলেন, “আমরা মৌলিক অবকাঠামোতে বিনিয়োগ করে থাকি। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চাই। কারণ অবকাঠামোতে দ্রুতগতিতে উন্নয়ন করছে বাংলাদেশ। পাশাপাশি ক্লাইমেট ফাইন্যান্স বা জলবায়ু সহনশীল প্রকল্পেও বিনিয়োগ করতে চাই। আমরা এখন এই বিনিয়োগের বিষয়ে একটি নীতিমালা তৈরি করতে একসঙ্গে কাজ করছি। বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বে আমাদের প্রথম কোনো ক্লাইমেট ফাইন্যান্স।”

বর্তমানে বাংলাদেশের ১৭টি প্রকল্পে এআইআইবির ৩ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। সংস্থাটি নতুন করে আর কী পরিমাণ বিনিয়োগ করতে চায়- এমন প্রশ্নের জবাবে রজত মিশ্র বলেন, “বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমরা কোনো সীমা নির্ধারণ করিনি।”

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “তাদের প্রস্তাবে আমরা খুবই আনন্দিত। তাদের এই ধরনের বিনিয়োগ নীতি রয়েছে যা আমাদের জন্য ভালোই হবে। আলোচনায় তারাও খুব খুশি। তারা আমাদের খুবই ঘনিষ্ঠজন, তারা ভারতের নাগরিক। সেই দিক থেকে আমরাও খুশি যে, তারা আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে।”

এআইআইবি থেকে কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “তারা আমাদের কাছে যে কোনো প্রকল্পের প্রস্তাব চেয়েছে। আমরা অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ পাওয়ার চিন্তা করছি।”

এআইআইবির প্রতিনিধি দল অবকাঠামো ও জলবায়ু পরিবর্তে ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়েছে জানিয়ে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, “আমরা তাদের কথায় সম্মত হয়েছি। পাশাপাশি আমরা এর সঙ্গে বাজেট সাপোর্ট বাবদ ঋণ পাওয়ার অনুরোধ করেছি।

“তারা বলছেন, ক্লাইমেট সাপোর্টে বাজেট সাপোর্টের দিকটি থাকবে। সেই ক্ষেত্রে বাংলাদেশই হবে তাদের প্রথম ক্লাইমেট ফাইন্যান্সিংয়ের প্রথম গ্রাহক।”

অর্থমন্ত্রী বলেন, “আমরা আমাদের চাহিদাপত্র তৈরি করছি। আর উনারা উনাদের দিক থেকে বিনিয়োগ পলিসিটা সাজাচ্ছেন। এগুলো একই সঙ্গে চলছে।”

পুরনো খবর-

পুরানো খবর:

বিদ্যুৎ খাতে আরও ২০ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

পুরানো খবর:

কোভিড-১৯: বাংলাদেশকে আরো ১০ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

পুরানো খবর:

অর্থনীতির টেকসই পুনরুদ্ধারে ২৫ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

পুরানো খবর:

এআইআইবি’র ২৫ কোটি ডলার বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ

পুরানো খবর:

বাজেট সহায়তায় ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি