২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্যের দরে ঊর্ধ্বগতির মধ্যে মূল্যস্ফীতি আরও কমার তথ্য

অগাস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

নিত্যপণ্যের দরে ঊর্ধ্বগতির মধ্যে মূল্যস্ফীতি আরও কমার তথ্য
নিত্যপণ্যের চড়া মূল্যের কারণে হাত টেনে চলতে বাধ্য হচ্ছে মানুষ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 07:01 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

পণ্যের উচ্চমূল্যে ‘হিমশিম’ অবস্থা হলেও আন্দোলন, সংঘাত, বন্যা ও ক্ষমতার পালাবদলে সৃষ্ট অস্থিরতার ধাক্কা কাটিয়ে জুলাই-অগাস্টের পর দুই অংকের নিচে নেমে এসেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

অর্থাৎ, ২০২৩ সালের সেপ্টেম্বরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা এ বছরের সেপ্টেম্বরে কিনতে ব্যয় করতে হয়েছে ১০৯ টাকা ৯২ পয়সা।

জুলাইয়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ যা অগাস্টে ১০ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে।

গত অর্থবছরের শেষ মাস জুনে সবশেষ এক অংকের ঘরে ছিল মূল্যস্ফীতি। সে সময় পয়েন্ট-টু- পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমার পেছনে মূল ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের উচ্চমূল্য কমে যাওয়া।

পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৪০; যা অগাস্টে ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।

অর্থাৎ, মাসের ব্যবধানে শূন্য দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট কমেছে। অথচ গতবছর সেপ্টেম্বরেও খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ।

খাদ্য বহির্ভূত খাতে কমার প্রবণতা ছিল নিতান্তই কম। সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫০; যা অগাস্টে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

সরকারের হিসাবে খাদ্য পণ্যের দাম কমলেও বাজার বলছে উল্টো কথা।

সেপ্টেম্বরে বাজার ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ক্রমেই চাপ সৃষ্টি করছে বাড়তে থাকা মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ২০ টাকা বাড়িয়ে বিক্রি করতে দেখা গেছে। একই অবস্থা ছিল মাছ ও সবজির দামেও।

জুলাইয়ের ধাক্কা সামলে অগাস্টে ১০.৪৯% মূল্যস্ফীতি