২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্টের ১১ কর্মকর্তার তথ্য খুঁজছে বাংলাদেশ ব্যাংক

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকসহ ১১ কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্যের খোঁজে নেমেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 10:02 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশে কার্যরত ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এসব কর্মকর্তা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের (বাবা, মা, স্ত্রী, সন্তান) ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

ওই ১১ কর্মকর্তা হলেন- বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন এম জিয়াউল আলম, পরিচালক মুন্সি মুয়িদ ইকরাম, পরিচালক (প্রশাসন ও অর্থ) এস এম নজরুল ইসলাম, সহকারি পরিচালক এস এম শাহজামান, উম্মে কুলসুম, উচ্চমান সহকারি শাহজাহান মিয়া, সাইফুল ইসলাম-১ এবং রফিকুল ইসলাম, আবদুল মাবুদ, সৈয়দ আহসান হাবিব ও নূরে আলম চৌধুরী।

আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি তুরস্ক অভিযোগ করে, বাংলাদেশ থেকে সরকারি পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট নিয়ে সেদেশে গিয়ে অনেকে আর ফিরে আসেনি। পররাষ্ট্র দপ্তরকে লেখা চিঠিতে তুরস্ক এরকম কয়েকজনের নামও উল্লেখ করে।

তুরস্কের ওই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তদন্তে সরকারি কর্মকর্তা নয় এমন ব্যক্তিকে ‘অফিসিয়াল পাসপোর্ট’ (যে পাসপোর্ট শুধুমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মীরা পান) দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ কারণে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মুন্সি মুয়িদ ইকরাম, পরিচালক (প্রশাসন ও অর্থ) এস এম নজরুল ইসলাম, সহকারী পরিচালক এস এম শাহজামান, উচ্চমান সহকারী শাহজাহান মিয়া ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে অধিদপ্তর।

তবে কেন এসব ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে জানতে চাইলে বিএফআইইউর উপপ্রধান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাসপোর্ট জালিয়াতির ঘটনায় বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়া এই জালিয়াতির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে ব্যাপক তদন্ত করছে, তারই অংশ হিসেবে এসব ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্যও খোঁজা হচ্ছে।”