বিক্ষোভের পর শোকজ বাংলাদেশ ব্যাংকের ২০ কর্মকর্তাকে
চুক্তিভিত্তিক একটি নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করায় ২০ কর্মকর্তাকে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার কর্মকর্তাদের কাছে পাঠানো এই কারণ দর্শানোর নোটিসে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
কী প্রেক্ষাপটে এসব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটে (বিএফআইইউতে) একজন অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপককে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে ২১ জুন বিক্ষোভের কারণেই এই নোটিস দেওয়া হয়েছে।
মাহফুজুর রহমান বলেন, “মানব সম্পদ বিভাগের কার্যক্রম গোপনীয়। কেন এ ধরনের নোটিস দেওয়া হয়েছে, সেটা আমি জানি না। আর আপনারা যেটা বলছেন (বিক্ষোভের কারণে), সেটা হলে সে বিষয়ে আমি কোনো মতামত দিতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মতামত দেবে।”
২১ জুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ছিল। সভা শুরুর আগেই গভর্নর ভবনের সামনে বিক্ষোভ হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা সভায় অংশ নিতে ঢোকার সময় বিক্ষুব্ধ কর্মকর্তারা তাদের হাতে একটি স্মারকলিপি দেন।
এরপর বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলও একটি স্মারকলিপি গভর্নরকে দেয়। তাতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া থেকে সরে আসার অনুরোধ করা হয়।
কর্মকর্তাদের ওই আচরণে গভর্নর অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের তালিকা তৈরির নির্দেশ দেন বলে ব্যাংক কর্মকর্তারা জানান। সোমবার সকালে ২০ জনের হাতে নোটিস ধরিয়ে দেওয়া হয়।
এদিকে এই নোটিস দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের সব স্তরের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। মঙ্গলবার সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি সাধারণ সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
প্রতিটি নোটিসে বলা হয়েছে, “২১ জুন দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ডেস্কের কাজ পরিত্যাগ করে কতিপয় কর্মকর্তার সঙ্গে আপনি ব্যাংকের প্রধান ভবনের গেটে সমবেত হয়ে পর্ষদ সভায় আগত সদস্যদের আগমণের পথে বাধার সৃষ্টি করেন।
“পর্ষদ সদস্যদের অনিচ্ছা সত্ত্বেও কিছু অযৌক্তিক বক্তব্য সম্বলিত পত্র তাদেরকে প্রদান করেন। তাছাড়া অনুমোদন ছাড়াই সংবাদিকদের সাথেও মতবিনিময় করেছেন। এতে পর্ষদ সদস্যরা অত্যন্ত বিব্রত হয়ে সভার শুরুতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।”
এধরনের কাজ শৃঙ্খলা পরিপন্থি এবং বাংলাদেশ ব্যাংক আইনের ১৯(১) ও ৪২ ধারার লংঘন এবং ৪৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে এতে বলা হয়, “আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, পত্র পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হল।”
নোটিস পাওয়া উপ-মহাব্যবস্থাপকরা হলেন- মো. দেলোয়ার হোসেন খান, নজরুল ইসলাম, একেএম এহসান, আবু জাফর, শহিদুল্লাহ আকন্দ, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম, গাজী সাইফুর রহমান, রজব আলী, আজিজুল ইসলাম ও আবদুল ওয়াদুদ।
যুগ্ম-পরিচালক সিদ্দীকুর রহমান মোল্লা, শাহরিয়ার সিদ্দিকী, ইশতেকমাল হোসেন, নওশাদ মোস্তফা, মকবুল হোসেন ও এইচ এম দেলোয়ার হোসেন।
তিন উপ-পরিচালক হলেন- মো. দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন ও তৌহিদুল ইসলাম।
কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশে প্রায় ৩০০ কর্মকর্তা থাকলেও ২০ জনকে নোটিস দেওয়ার মাধ্যমে এক ধরনের পক্ষপাত রয়েছে।
“অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের শুধু একটি পক্ষের (নীল ও হলুদ দলের মধ্যে একটি) কর্মকর্তাদের নোটিস দেওয়া হয়েছে, বাকিদের দেওয়া হয়নি,” বলেন এক কর্মকর্তা।
