কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চুক্তিভিত্তিতে মহাব্যবস্থাপক নিয়োগের উদ্যোগের খবরে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তা।
রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ৩০তলা ভবন থেকে নিচে নেমে সমবেত হন। এরপর গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এসময় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক চলছিল।
বিক্ষোভ শেষে গভর্নর বরাবর একটি স্মারকলিপিও দিয়েছে কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বোরবার অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য সূচিতে মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একজন বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিতে বিএফআইইউতে মহাব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়ার বিষয়টি ছিল।
বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএফআইইউর উপপ্রধান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, “বিএফআইইউতে মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ বিষয়ে দ্রুত পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের মধ্যে মেধা ও যোগ্যতা যাচাই বাছাই করে যিনি সেরা হবেন তাকেই নিয়োগ দেওয়া হবে।”
বিক্ষোভে অংশ নেওয়া একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদ্য অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাওয়া মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথকে পুনরায় নিয়োগ দেয়ার জন্য গভর্নর ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। এজন্য গভর্নর ইতিমধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বৈঠকে আলোচনাও করেছেন, যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি।
“আমরা মনে করি, এরকমভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলে যেমন অন্যান্যদের পদোন্নতি প্রক্রিয়া ব্যাহত হয়, তেমনি শৃঙ্খলাও বিঘ্নিত হয়। তার (দেবপ্রসাদ দেবনাথ) সঙ্গে আমরা অনেকেই কাজ করেছি। তিনি এমন কোনো বিশেষজ্ঞ না যে তাকে ছাড়া ডিপার্টমেন্ট চলবে না। বরং বাংলাদেশ ব্যাংকের উচিত নির্দিষ্ট কারও উপর নির্ভর না করে একাধিক কর্মকর্তাকে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা। সে উদ্যোগ সহকারী পরিচালকদের থেকেই নেওয়া যেতে পারে।”
আরও কয়েকজন কর্মকর্তা তার বক্তব্য সমর্থন করেন।
দেবপ্রসাদ দেবনাথকে নিয়োগ দেওয়া হবে কি না জানতে চাইলে নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, “নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ মনে করে বিএফআইইউতে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া দরকার। সেজন্যই একজন বিশেষজ্ঞ চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।”
গভর্নরকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, “কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে সার্বিক গতিশীলতা আনার লক্ষ্যে আপনার নেওয়া কিছু পদক্ষেপ ও আন্তরিকতা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কিছুটা প্রাণের সঞ্চার করলেও সাম্প্রতিক সময়ে আপনার নেওয়া কিছু পদক্ষেপ ও পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা আর চাপা ক্ষোভের সৃষ্টি করেছে।
“বিশ্বস্ত সুত্রে জানা যায় যে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত মহাব্যবস্থাপকের স্থলে একজন চুক্তিভিত্তিক মহাব্যবস্থাপক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এ সংবাদের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের পদক্ষেপ প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির অন্তরায়।
“এমতাবস্থায় কর্মকর্তাদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এ ধরনের নিয়োগ প্রক্রিয়া হতে আপনাকে সরে আশার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছে।”
