কম সুদে ঋণ পাবেন প্লাস্টিক-চামড়া শিল্প উদ্যোক্তারা
পোশাক শিল্পের পাশাপাশি প্লাস্টিক ও চামড়া শিল্পের কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প সুদের ঋণ সুবিধা পাবেন মালিকরা।
নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হবে।
সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যাংক থেকে মাত্র ৯ শতাংশ সুদে এ ঋণ পাবেন উদ্যোক্তারা।
নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। এই তহবিল থেকে অর্থ নিয়ে ব্যাংকগুলো নয়টি খাতের ৪৭টি পণ্যে পুনঃঅর্থায়ন করতে পারবে।
কারখানার কর্মপরিবেশ খাতের আওতায় নতুন করে চামড়া ও প্লাস্টিককে অন্তর্ভুক্ত করায় মোট পণ্যের সংখ্যা দাঁড়ালো ৪৯টিতে।
সার্কুলারে বলা হয়, “কারখানায় কর্মরতদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণের আওতায় প্লাস্টিক ও চামড়া কারখানা স্বল্প সুদে ঋণ সুবিধা পাবে। এক্ষেত্রে বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদন ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (এলএফএমইএ) সদস্যভুক্ত যেসব শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব কারখানা আছে তারা ঋণের জন্য আবেদন করতে পারবে।”
“এসব কারখানার নিরাপদ কর্মপরিবেশ তথা অগ্নিনির্বাপক সামগ্রী, অগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ এবং ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষণাগার নির্মাণসহ সংস্কার, পুনর্গঠন, প্রতিস্থাপন কাজের জন্য পুনঃঅর্থায়নের জন্য ঋণ দেওয়া যাবে।”
