মামলাজট ছাড়াতে এনবিআরের ডিজিটাল উদ্যোগ
মামলাজট নিষ্পত্তিতে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইনস্টল করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মামলাজটে সরকারের ২৬ হাজার কোটি টাকা আটকে রয়েছে। নতুন অর্থবছরে রাজস্বের বড় লক্ষ্যপূরণে কাজে গতি আনতে নথিপত্র ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে তারা।
বৃহস্পতিবার বোর্ডের এক সভায় এই সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত হয়েছে।
একইসঙ্গে এনবিআরের সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) হুসেইন আহমেদকে আহবায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের কর আদায়কারী সংস্থা এনবিআরের আয়কর, শুল্ক এবং মূসক অনুবিভাগের প্রায় ২৩ হাজার মামলা চলমান রয়েছে। এ সকল মামলায় সরকারের ২৬ হাজার কোটি টাকার আর্থিক সংশ্লেষ সম্বলিত রাজস্ব জড়িত রয়েছে।
এতে আরও বলা হয়, বিপুল সংখ্যক মামলা পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান পদ্ধতিতে দ্রুত মনিটরিং এবং নিষ্পত্তি করা সম্ভব হয় না। যার ফলে দিন দিন মামলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনাদায়ী রাজস্বের পরিমাণ বাড়ছে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বোর্ডের সদস্য (শুল্ক নীতি)ফরিদ উদ্দিন, হুসেইন আহমেদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে মানব বান্ধব, ব্যবসা বান্ধব এবং সেবাধর্মী একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
