বাংলাদেশে গ্যাসের মজুদ ১৪ টিসিএফ
এ বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশের গ্যাসের মোট মজুদ ১৪ দশমিক ৩২ ট্রিলিয়ন ঘনফুট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সরকারদলীয় সাংসদ মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে সোমবার জাতীয় সংসদে এই তথ্য জানানো হয়।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশে এ যাবৎ ২৬টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে ২০টি বর্তমানে উৎপাদনে রয়েছে।
“আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর প্রাথমিক গ্যাস মজুদ ছিল ২৭ দশমিক ১২ ট্রিলিয়ন ঘনফুট। এ বছরের মার্চ পর্যন্ত মোট ১২ দশমিক ৮ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস বিভিন্ন খাতে ব্যবহৃত হয়েছে। অবশিষ্ট মজুদ আছে আনুমানিক ১৪ দশমিক ৩২ ট্রিলিয়ন ঘনফুট।”
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে ছয়টি স্থানে গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে কাজ চলছে।
“এর মধ্যে সুন্দলপুর, শ্রীকাইল ও রূপগঞ্জ এই তিন স্ট্রাকচারে গ্যাস আবিষ্কৃত হয়। সুন্দলপুর ও শ্রীকাইলে ১৯৬ দশমিক ১৪ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।”
বর্তমানে সুন্দলপুর থেকে দৈনিক ৪ দশমিক ২ এমএমসিএফ এবং শ্রীকাইল থেকে দৈনিক ৪০ এমএমসিএফ গ্যাস উত্তোলিত হছে বলে জানান নসরুল হামিদ।
এ ছাড়া এ বছরের মার্চ থেকে বেগমগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৫ এমএমসিএফ গ্যাস উত্তোলিত হচ্ছে।
রূপগঞ্জ গ্যাস ফিল্ডও শিগগিরই উৎপাদনে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ জানান, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা গড়ে ৭ হাজার ৬৫০ থেকে ৭ হাজার ৮৫০ মেগাওয়াট। গড় উৎপাদনও শতভাগ।
তিনি বলেন, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে বর্তমানে ৮০ থেকে ১০০ মেগাওয়াট উৎপাদিত হচ্ছে, যা প্রত্যাশার চেয়ে কিছু কম।
জল বিদ্যুৎকেন্দ্র হওয়ায় বর্ষাকালে কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় উৎপাদনে থাকে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি কোম্পানির মধ্যে শেভরন বাংলাদেশ লিমিটেডের ২ হাজার ৬০১ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, কেয়ার্ন/সান্টোস সাংগু ফিল্ডস লিমিটেড ৯৪৮ দশমিক ৪৪ মিলিয়ন, টাল্লো/ক্রিস এনার্জি ২৯২ দশমিক ৬৮ মিলিয়ন, ওএনজিসি ভিদেশ লিমিটেড ১ দশমিক ৯৫৭ মিলিয়ন এবং সান্টোস ও ক্রিস এনার্জি ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে।
