২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭% প্রবৃদ্ধি অসম্ভব না হলেও চ্যালেঞ্জিং: বিশ্ব ব্যাংক

প্রস্তাবিত বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে ঘোষণা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দিয়েছেন, তা অর্জন ‘অসম্ভব’ না হলেও ‘চ্যালেঞ্জিং’ হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 01:55 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

জিডিপি প্রবৃদ্ধি ৬.৩% ছাড়াবে না: বিশ্ব ব্যাংক

সোমবার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে এক সংবাদ সম্মেলনে তার সংস্থার মতামত তুলে ধরেন।

তিনি বলেন, “বিনিয়োগ পরিস্থিতির যদি উন্নতি করা যায়, অর্থাৎ এখনকার জিডিপির ২৯ শতাংশ বিনিয়োগ যদি আরও ২ থেকে ২.৫ শতাংশ বাড়ানো যায়, এবং বর্তমানের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না।”

পরিসংখ্যান ব্যুরোর চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ের তথ্য অনুযায়ী, চলতি বাজার মূল্যে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৫ লাখ ১৩ হাজার ৫৯৯ কোটি টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ১৩ লাখ ৪৩ হাজার ৬৭৪ কোটি টাকা ছিল।

গত অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হলেও শেষ পর্যন্ত তা ৬ দশমিক ৫১ শতাংশ হতে পারে বলে পরিসংখ্যান ব্যুরোর ধারণা।

গত ৪ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার কথা জানিয়ে মুহিত বলেন, “রাজস্ব ও মুদ্রানীতির সুসমন্বয় এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।” 

অবশ্য গত শুক্রবার ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ এ বলা হয়, নতুন অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ ছাড়াবে না।

জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “গত কয়েক বছরে বাংলাদেশের যে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে, তা পৃথিবীর ২০টি দেশেরও নেই। সুতরাং ৬ শতাংশ প্রবৃদ্ধির যে ফাঁদ বলা হয়, তা নেগেটিভ অর্থে না দেখে পজিটিভ অর্থে মূল্যায়ন করা উচিৎ।”

বাংলাদেশে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত থাকবে বলেই বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তার বিশ্বাস।

তিনি বলেন, এবারের বাজেটে বিনিয়োগ বাড়াতে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা বলা হয়েছে, যার কয়েকটির কাজ এ বছরের মধ্যে শেষ হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়াতেও নানা পদক্ষেপের কথা বলা হয়েছে। বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শেষ হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী।

“সে কারণেই আমার মনে হয়, চ্যালেঞ্জ হলেও সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না।”

গতাণুগতিক বাজেট

জাহিদ হোসেন বলেন, সার্বিক মূল্যায়নে এবার ‘একটি বৃহত্তর আকারের গতাণুগতিক বাজেট’ দিয়েছেন মুহিত, যাতে অর্থায়নের দিক দিয়ে আগের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। ব্যাংক ও আর্থিক খাতে ‘কিছু প্রশংসনীয় আকাঙ্ক্ষার’ কথাও অর্থমন্ত্রী শুনিয়েছেন।

তবে ‘সুনির্দিষ্ট উদ্যোগের’ ক্ষেত্রে কিছু ঘাটতি থেকে গেলে বলেই এই অর্থনীতিবিদ মনে করছেন।

স্বস্তি

‘বাংলাদেশের অর্থনীতিতে স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করছে’ মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, অর্থনীতির অন্যতম প্রধান সূচক মূল্যস্ফীতির দিক দিয়ে ‘স্মরণকালের মধ্যে সবচেয়ে সুবিধাজনক’ অবস্থায় রয়েছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ অন্যান্য পণ্যের কম দামের কারণে মূল্যস্ফীতি বাড়ারও কোনো ‘আশঙ্কা নেই’।

“অন্যান্য সূচকের মধ্যে রিজার্ভ বেড়েই চলেছে। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল। ব্যাংক খাতে তারল্য আছে। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে সরকার। কমেছে আমানতের সুদের হার। যার ফলে ব্যাংক ঋণের সুদের হারও নিম্নমুখি হয়েছে।

“টার্গেট পূরণ না হলেও রাজস্ব আদায় পরিস্থিতি ভালো। ভর্তুকি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। টাকার অংকে হিসাব করলে এডিপি বাস্তবায়নও বেশ ভালো।”

বিশ্বব্যাংকের ধারণা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় এ খাতে বাংলাদেশের খরচ এবার ৬ বিলিয়ন ডলার থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারে নেমে আসবে।

“সার্বিক বিবেচনায় সবই স্থিতিশীল অবস্থায় আছে। এর চেয়ে বেটার টাইমতো আমি আগে কখনও দেখিনি”, বলেন জাহিদ।

রাজস্ব আহরণ ‘বড় চ্যালেঞ্জ’

জাহিদ হোসেন বলেন, বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে বলা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। টাকার এই পরিমাণ বিদায়ী বাজেটের চেয়ে ২৯ শতাংশ বেশি এবং ‘খুবই উচ্চাভিলাষী’।

“এ রাজস্ব আহরণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও সম্ভব” মন্তব্য করে তিনি বলেন, “একবার কিন্তু রাজস্ব আদায়ের ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তবে সেটা ছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭-০৮ অর্থবছরে। সে সময় যৌথ বাহিনীর নানা তৎপরতায় রাজস্ব বেড়েছিল। বিপুল সংখ্যক লোক কালো টাকা সাদা করেছিলেন। তা থেকেও মোটা অংকের কর এসেছিল।”

এখন যে সে পরিস্থিতি নেই, তা মনে করিয়ে দিয়ে বিশ্ব ব্যাংকের এই অর্থনীতিবিদ বলেন, “যারা নিয়মিত কর দেন, অর্থ্যাৎ সৎ করদাতাদের চাপ না দিয়ে নতুন যেসব খাতকে করের আওতায় আনা হয়েছে তাদের কাছ থেকেই এই বাড়তি কর আদায় করতে হবে।”

ঝুঁকি

বাংলাদেশের অর্থনীতির চারটি ঝুঁকির কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন জাহিদ হোসেন।

এগুলো হল- ইউরোপের অর্থনীতিতে মন্দা, বিশ্ববাজারে তেলের দাম কমায় মধ্যপাচ্যে শ্রমের বাজার সঙ্কুচিত হওয়ার শঙ্কা, বর্তমানের স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ভবিষ্যতেও বিরাজ করবে কীনা এবং রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকরা ক্রেতাদের জোট অ্যালায়েন্স ও অ্যাকর্ডের শর্ত মেনে ‘কমপ্লায়েন্স’ এর শর্ত পূরণ হবে কীনা।

ইউরোপের মন্দা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় অংশ যায় ইউরোপের বাজারে। বর্তমানে ওই এলাকায় যে মন্দা চলছে, তা যদি সহসা না কাটে, তাহলে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে।

“ইউরোর দর পতনে ইতোমধ্যে আমাদের রপ্তানি খাতের অনেক ক্ষতি হয়েছে। এটা যদি অব্যাহত থাকে, তাহলে আরও ক্ষতি হবে।”

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ সম্পর্কে এই অর্থনীতিবিদের মূল্যায়ন, “এটা আমাদের জন্য সুসংবাদ যে দেশের রাজনীতিতে সুবাতাস বইছে…। এই পরিবেশ অর্থনীতির জন্য খুবই সহায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে এ অবস্থা কতদিন থাকবে।”

রাজধানীর শেরেবাংলা নগরে এ সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি সালমান জায়েদী স্বাগত বক্তব্য দেন।