মে মাসে কমেছে মূল্যস্ফীতি
রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। গত মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৯ ভাগ। আগের মাস এপ্রিলে এ হার ছিল ৬ দশমিক ৩২ ভাগ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ হিসাবে মূল্যস্ফীতির এই চিত্র দেখা যায়। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসে খাদ্য পণ্যের দাম কমলেও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
বিবিএসের হিসাবে দেখা যায়, বিদায়ী মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৬ দশমিক ২৩ ভাগ, যা এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৬ দশমিক ১৪ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৬ দশমিক শূন্য ৮ শতাংশ।
মে মাসে গ্রামেও মূল্যস্ফীতির হার কমতে দেখা গেছে। ওই মাসে গ্রামাঞ্চলে ৫ দশমিক ৮৪ ভাগ সাধারণ মূল্যস্ফীতি হয়েছে। এপ্রিলে এ হার ছিল ৫ দশমিক ৯৯ শতাংশ।
আর শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৮৭ ভাগ। এপ্রিলে এ হার ছিল ৬ দশমিক ৮৮ ভাগ।
বুধবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য স্থিতিশীল থাকায় মে মাসে সাধারণ মূল্যস্ফীতি কমেছে।
চাহিদা ও সরবরাহে ফারাক নেই দাবি করে আসন্ন রমজানে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।
এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ১১ মাস পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের গতি নিয়ে তিনি সন্তুষ্ট নন।
এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে আগামী অর্থবছর থেকে প্রতি তিন মাস অন্তর মূল্যায়নের ব্যবস্থা করবেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে এক পর্যায়ে নিজেই প্রশ্নের অবতারণা করে মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের ৭ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির টাগের্ট অর্জিত না হলেও সাড়ে ৬ শতাংশ হয়েছে। এটাও কম নয়।
৬ শতাংশ প্রবৃদ্ধির মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘুরপাক খাচ্ছে বলে সমালোচনাকারী অর্থনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, “তারা চিন্তাশীল অর্থনীতিবিদ। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের টানা ছয় বছর ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধিকে বিরাট অর্জন বলেছেন।”
পরিকল্পনামন্ত্রী মোদীকে ‘কর্মী অর্থনীতিবিদ’ আখ্যায়িত করে নিজেকে ‘মূল্যায়নকারী অর্থনীতিবিদ’ হিসেবে অভিহিত করেন।
