২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করদাতার সংখ্যা ৩০ লাখে নেওয়ার ঘোষণা

আগামী তিন বছরে সক্রিয় করদাতার সংখ্যা আড়াই গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

করের উপর ভরসা করেই ২০১৫-১৬ অর্থবছরের জন্য তিন লক্ষ কোটি টাকার বাজেট বৃহস্পতিবার সংসদে প্রস্তাব করেছেন তিনি।

বাজেট বক্তৃতায়ই তিনি সরকারের এই মেয়াদেই সক্রিয় করদাতার সংখ্যাকে ৩০ লাখে উন্নীত করার ঘোষণা দেন।

বর্তমানে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ১১ লাখের কিছু বেশি মানুষ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন), তবে এদের সবার কাছ থেকে কর আদায় করতে পারে না সরকার।

মুহিত বলেন, “বাংলাদেশে আয়কর দেন সামান্য কতিপয় ব্যক্তি। ১৬ কোটি মানুষের মধ্যে কমবেশি ১২ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান।”

করজালে আড়াই গুণ মানুষকে আনার লক্ষ্যের বাস্তবতার দিকটি তুলে ধরে তিনি বলেন, “কিছু দিন আগে রাজস্ব বোর্ড কয়েকটি এলাকায় জরিপ চালিয়ে অনেক স্বচ্ছল লোকের সন্ধান পেয়েছে। এদের সবার ওপর এই বছর আয় বা কর্পোরেট কর ধার্য করা হবে।”

এই রকম জরিপ চলতে থাকবে জানিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হল যে, আমাদের এই মেয়াদের শেষ বছর ২০১৮-১৯ সালে সক্রিয় করদাতার সংখ্যা ৩০ লাখে উন্নীত করতে হবে।”

বর্তমানে উৎসে আয়কর (টিডিএস) থেকেই আয়করের বেশিরভাগ আদায় হয়। উৎসে আয়কর কাটতে স্বতন্ত্র একটি কর অঞ্চল গঠনের চিন্তা-ভাবনা চলছে বলে জানান তিনি।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী দুই লাখ আট হাজার ৪৪৩ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরেছেন। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায় করা হবে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।

করজালের বাইরে থাকা সক্ষম খানাকে করের আওতায় এনেই এই লক্ষ্য পূরণের আশা প্রকাশ করে মুহিত একদিন আগেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সব উপজেলায় আয়কর অফিস করব আমরা। এনবিআরের লোকজনকে বলা হয়েছে- ওই লোকের কাছ থেকে ১০ টাকা পাও, তার থেকে ১২ টাকা নিতে হবে; নট দ্যাট। ওই লোকের কাছ থেকে ১০ টাকা পাও নাও..। তার সঙ্গে আরো ১০টা লোককে নিয়ে আসতে হবে..।”

আয়কর মেলার বিস্তৃতি উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।

“এই মেলায় বিশেষ লক্ষ্যণীয় হলো যুবক ও নতুন করদাতাদের উপস্থিতি। মেলাতে আরও প্রতিভাত হয় যে, কর-রাজস্ব প্রশাসন একটি ব্যবসাবান্ধব সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।”