বাজেট: আগে গ্যাস-বিদ্যুৎ চান হোসেন খালেদ
বিনিয়োগ খরা কাটাতে শিল্প খাতে চাহিদা অনুযায়ী গ্যাস, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ।
বিশ্বব্যাপী স্টিল ও জ্বালানি তেলের দাম এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি ব্যয় কম থাকায় এখনই বিনিয়োগের সেরা সময় যাচ্ছে বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
“কিন্তু অভ্যন্তরীণ সমস্যার কারণে দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগে যেতে পারছে না। ফলে বিদেশি বিনিয়োগকারীরাও আসছেন না,” বলেন হোসেন খালেদ।
২০১৫-১৬ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাবের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা বলেন আনোয়ার গ্রুপের কর্ণধার।
স্টিল, টেক্সটাইল, ডাইং, প্রিন্টিং, উইভিং, স্পিনিং, পাট, সিমেন্ট, পাইপ ও ফিটিংস, তথ্য প্রযুক্তি, অটোমোবাইল, ফার্নিচার, আবাসন ও আর্থিক খাতের ব্যবসা রয়েছে আনোয়ার গ্রুপের।
এই বহুমুখী শিল্প গোষ্ঠীর শীর্ষ নির্বাহী খালেদ মনে করেন, বিনিয়োগ অবকাঠামো ও অনুঘটক নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা গেলেই শিল্প খাতে বিনিয়োগ বাড়বে। নইলে নতুন বিনিয়োগের আশা করা সঙ্গত হবে না।
কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় খাত শিল্পে গত দুবছর ধরে নতুন কোনো কারখানা গড়ে ওঠেনি দাবি করে তিনি বলেন, যেসব কারখানা চালু আছে সেগুলোও শুধু অতিপ্রয়োজনীয় সম্প্রসারণ করেছে।
এর কারণ ব্যাখ্যায় খালেদ বলেন, “এই মুহূর্তে সরকার গ্যাস-বিদ্যুতের কোনো নিশ্চয়তা দিচ্ছে না। বেসরকারি উদ্যোক্তারা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করতে চাইলে তাকে প্রাকৃতিক গ্যাস দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, শুধু পণ্য উৎপাদনে গ্যাস দেওয়া হবে।”
গ্যাস-বিদ্যুতের এই সমস্যা ব্যাংক ঋণের ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে জানান তিনি।
“ব্যাংক ঋণ অনুমোদন করছে গ্যাস, বিদ্যুতের সংযোগ পাওয়ার প্রেক্ষিতে। ব্যাংক সরাসরি বলে দিচ্ছে, ‘আপনার ঋণ অনুমোদন করা হয়েছে, কিন্তু তখনই টাকা পাবেন যখন গ্যাস-বিদ্যুৎ সংযোগ পাবেন’।”
এই পরিস্থিতিতে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে যেতে পারছেন না মন্তব্য করে তিনি বলেন, এক দেড় বছর পরে যে গ্যাস, বিদ্যুৎ চাইলেই পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই।
“অথচ বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধি হবে না। আর এতে দেশে বেকারত্ব বাড়বে, অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়বে।”
তাই বিনিয়োগ বাড়ানোর কৌশল হিসেবে বাজেটে জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার বলে বলে মনে করেন এই শিল্পোদ্যোক্তা।
পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের স্থায়ী করতে কৌশল নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য তার।
চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে। হঠাৎ করে একজন ফোন করে বলবে, এত টাকা পাঠাও, আর আমাদের কিছু করার থাকবে না, তাহলে কোনো কিছুই ঠিকভাবে চলবে না। এজন্য সরকারকে বিশেষ মনোযোগী হতে হবে।”
নতুন শিল্পে নজর দেওয়ার আহ্বান জানিয়ে হোসেন খালেদ বলেন, “দেশের জন্য সরকারকে এখন নেক্সট বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি খুঁজে বের করতে হবে। সেই খাতকে পৃষ্ঠপোষকতা করতে হবে।
“এটি হতে পারে অটোমোবাইলস। কারণ প্রতিবছর ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার গাড়ি আমদানি হয়। এর ৮০ ভাগই পুরনো গাড়ি। ১২ থেকে ১৫ হাজার কোটি টাকার গাড়ির যন্ত্রপাতির ব্যবসা রয়েছে।”
সরকার এই খাতে উৎপাদনে যাওয়ার নীতি সহায়তা দিতে পারে মন্তব্য করে তিনি বলেন, “প্রথমে আমদানির পরিবর্তে এ্যাসেম্বলিংয়ে যেতে পারে। সেটিকে ম্যানুফ্যাকচারিং হিসেবে গণ্য করতে হবে। সময় বেঁধে দিতে হবে রিয়েল ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার। এতে দক্ষ শ্রমিকের কাজের সুযোগ হবে।
“এছাড়া সরকার আইসিটি শিল্পে সহযোগিতা দিচ্ছে। বেসরকারি খাতে সফটওয়্যর টেকনোলজি পার্ক হতে হবে। হাইটেক পার্ক হতে হবে।”
আসন্ন বাজেট নিয়ে হোসেন খালেদ বলেন, বাজেটের আকার প্রায় ২০ শতাংশ বাড়বে বলে শোনা যাচ্ছে। এই বিশাল বাজেটের আয়ের উৎস কী হবে?
উৎপাদন কম হলে রাজস্ব কমবে মন করিয়ে দিয়ে তিনি বলেন, রাজস্ব আয় বাড়ানোর নতুন ক্ষেত্র নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে।
রাজস্ব পরিশোধে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের উদ্বুদ্ধ করতে উৎসাহমূলক কার্যক্রম গ্রহণেরও পরামর্শ দেন হোসেন খালেদ।
তিনি বলেন, “মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য উদ্যোগ থাকতে হবে। কারণ উচ্চ শিক্ষা পর্যায়ে মানসম্পন্ন শিক্ষার হার কম। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে তাদের দিয়ে ভালো কাজ করানো যাচ্ছে না।”
দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সিটি ব্যাংকের এই পরিচালক বলেন, “সরকার কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করেছে, কিন্তু যেসব কারণে টাকা কালো হয় সেগুলো বন্ধ হয়নি।
“আমার মনে হয়, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের চেয়ে, টাকা কালো হওয়ার ব্যবস্থা বন্ধ করা বেশি জরুরি।”
নীতির সমস্যা, দুর্বলতা, মানসিকতা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে মন্তব্য করে তা কাটিয়ে উঠার উপরও জোর দিয়েছেন হোসেন খালেদ।
