ব্যাংকের উদ্যোগে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান চান গভর্নর
দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য সামাজিক দায়বদ্ধতা খাতের আওতায় একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বৃহস্পতিবার রাজধানীতে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এ কে আজাদের বক্তব্যের সূত্র ধরে এ আহ্বান জানান তিনি।
গভর্নর বলেন, “সরকার কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে। কিন্তু জনসংখ্যা ও বেকারত্ব বিবেচনায় তা পর্যাপ্ত নয়। এক্ষেত্রে আমি মনে করি, প্রতিটি ব্যাংক সিএসআর খাতের আওতায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।”
এর আগে ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ তার বক্তব্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিল্প খাতে ব্যাংকঋণের সুদহার কমানো এবং কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরামর্শ দেন।
এ কে আজাদ বলেন, “মানুষ নদীতে ভাসছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমারে আমাদের দেশের মানুষের লাশ পাওয়া যাচ্ছে। কিন্তু দেশের অবস্থা এতোটা খারাপ না। গ্রামেও এখন কৃষি মজুরি দৈনিক ৫০০ টাকা। কিন্তু এক শ্রেণির দালালচক্র প্রলোভন দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।”
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “প্রতিবছর ২০ লাখ মানুষ শ্রম বাজারে যোগ হচ্ছে। এর মধ্যে ১০ লাখ লোকের কাজের ব্যবস্থা হয়। বাকীরা বেকার থাকে। এই বেকারত্বের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ।”
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, “বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি করে, অর্থাৎ কোন খাতে কত টাকা যাবে তা নির্ধারণ করে। এবারের মনিটারি পলিসিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে অর্ধেক ঋণ প্রবাহ হয়েছে।
“অর্থ প্রবাহের উদ্যোগ নেওয়া হলেও কেন বেসরকারি খাতের উদ্যোক্তারা ঋণ নিচ্ছে না- তা ভাবতে হবে। শিল্প খাতে ১২ থেকে ১৬ শতাংশ সুদ। আর বিদেশ থেকে ঋণ পাওয়া যাচ্ছে ৬ শতাংশ সুদে। আমাদের দেশের ব্যাংকের ঋণের সুদ হার কম হলে শিল্প খাত সম্প্রসারণ হবে। তাতে কর্মসংস্থান হবে।”
“একইসঙ্গেকারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান আরও বাড়ানো দরকার। কারণ অনেকেই লেখাপড়া শিখছে, ভালো রেজাল্ট করছে অথচ বাস্তবে কাজ করতে গিয়ে তারা পারছে না।”
এই বক্তব্যের প্রেক্ষিতে প্রত্যেকটি ব্যাংককে সামাজিক দায়বদ্ধতার খাতে একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান গভর্নর।
গভর্নর বলেন, “সৃজনশীল তারুণ্য সাগরে ভাসছে, তার চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। তাদের দক্ষ করে দেশেই কর্মসংস্থান করা যেতে পারে। কারণ বর্তমানে দেশের বিভিন্ন খাতে বিদেশিরা বিশেষ করে শ্রীলংকা, সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তানের লোকেরা চাকরি করছে।”
আতিউর রহমান বলেন, “তৈরি পোশাক শিল্প, বস্ত্র শিল্প এদেশের অর্থনীতির লাইফ লাইন। সরকার তাদের পাশে আছে, থাকবে। ব্যাংকঋণের সুদ হার কমাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নৈতিক চাপ দিয়ে যাচ্ছে। আশা করছি, সুদহার কমবে।”
সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ছাড়াও ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব শিক্ষার্থীরা অধ্যয়নরত ২০১৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
এসএসসি পাশ করা ৩০০ জনের প্রত্যেককে ২০ হাজার টাকা এবং এইচএসসি পাশ করা ২০০ জনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে।
সভরেন ওয়েলথ ফান্ড
অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, “আমরা সভরেন ওয়েলথ ফান্ড (সার্বভৌম সম্পদ তহবিল) গঠন করতে যাচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে এই তহবিল গঠন করা হবে। এই তহবিলের আকার, কার্যক্রম ইত্যাদি ঠিক করার জন্য বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।”
আতউর রহমান বলেন, “আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৪ বিলিয়ন ডলারের বেশি। এই রিজার্ভ দিয়ে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এজন্য আমরা রিজার্ভের একটি অংশ দিয়ে এই তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।
“এই তহবিল দিয়ে পদ্মা সেতুর মত বড় বড় প্রকল্প ও বেসরকারি খাতে টেক্সটাইল শিল্পের মতো বড় শিল্পে বিনিয়োগ করা হবে।”
