করের আওতায় আসছে দেশের অর্ধেক মানুষ: অর্থমন্ত্রী
আসছে বাজেটে দেশের অন্তত অর্ধেক মানুষকে আয়করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
দেশে টিআইএনধারী ১৮ লাখ মানুষের মধ্যে মাত্র ১০ লাখ লোক কর দেয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “ন্যূনতম ৫০ শতাংশ লোক করের আওতায় থাকা উচিত। বাজেটে সেই ধরনের একটি উদ্যোগ নেওয়া হবে।
“জাতীয় আয়ের মাত্র ১১ শতাংশ রাজস্ব আয়- এটি খুবই কম। আগামী চার বছরে এটা আরও তিন শতাংশ বাড়বে বলে আমরা আশা করছি।”
বাজেটে বেসরকারি খাতকে উৎসাহিত করতে উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা আমদানি শুল্ক কমাচ্ছি। এজন্য সম্পূরক শুল্ক একটু বাড়তে পারে। এটা ব্যবসায়ীদের মানতে হবে।”
রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথ আয়োজনে সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া, এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন খাতের দুই শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
আগামী বাজেটে প্রত্যক্ষ কর (আয়কর) সম্পর্কিত ১৪২টি, পরোক্ষ কর (আমদানি শুল্ক) সম্পর্কিত ৩১৮টি এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পর্কিত ১২৭টি প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। এর মধ্যে ৪৭টি প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন কাজী আকরাম।
বাজেট বাস্তবায়নে বিদেশি সহায়তার বাড়ানোর যুক্তি তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, “বাজেটে বৈদেশিক সহায়তার ব্যবহার বাড়লে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার উপর সরকারের নির্ভরতা কমবে, আর প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বাড়বে।”
বিনিয়োগ বাড়াতে ঋণের সুদহার কমানো ও রাজনৈতিক স্থিতিশীলতা আনার পরামর্শ দেন কাজী আকরাম।
এফবিসিসিআই সভাপতি বলেন, “বাংলাদেশে করপোরেট করহার ব্যক্তি পর্যায়ের করহারের তুলনায় অনেক বেশি, যা বিনিয়োগকে নিরূৎসাহিত করে। এজন্য করপোরেট করহার কমিয়ে আনা প্রয়োজন।”
ঋণের সুদ হার কমানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর কমানোর প্রস্তাব করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, “রাজস্ব বোর্ডের সব কর্মকাণ্ডে ব্যবসা সহায়ক দৃষ্টিভঙ্গি আছে। বাজেট প্রণয়নেও তার প্রতিফলন থাকবে। করদাতা ও ব্যবসাবান্ধব বাজেট করা হবে। বলা যেতে পারে আসন্ন বাজেট হবে জন কল্যাণের বাজেট।”
