অতি দরিদ্ররাও এখন ক্ষুদ্রঋণের আওতায়: খলীকুজ্জমান
বহুমুখীকরণের ধারবাহিকতায় প্রথাগত ক্ষুদ্রঋণ এখন অতি দরিদ্র জনগোষ্ঠীর মানুষদেরও অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।
রোববার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বর্ষব্যাপী রজতজয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
পিকেএসএফ চেয়ারম্যান বলেন, “বিগত পঁচিশ বছরের অনেক সাফল্যের মধ্যে অন্যতম সফলতা হচ্ছে প্রথাগত ক্ষুদ্রঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্রঋণকে বহুমুখী করণ ও এর বৈচিত্র এনেছে। আগে অতি দরিদ্র প্রথাগত ক্ষুদ্রঋণের বাইরে ছিল। এখন তাদেরকে পিকেএসএফ এর আওতাভুক্ত করা হয়েছে।”
সাপ্তাহিক কিস্তি পরিশোধ ব্যবস্হা থেকে পিকেএসএফ এর মধ্যেই বের হয়ে গেছে মন্তব্য করে খলীকুজ্জমান বলেন, বর্তমানে ‘সমৃদ্ধি’ কার্যক্রমের আওতায় উপযুক্ত ঋণ, অগ্রসর ঋণ ও সুফলনসহ বেশ কিছু কর্মসূচি পরিচালনা করছে।
“এসব কর্মসূচির মাধ্যমে ঋণ গ্রহীতাকে নগদ অর্থের পরিবর্তে সম্পদ হস্তান্তরের মাধ্যমে দরিদ্র মানুষকে সাবলম্বী করে তোলা হচ্ছে।”
তিনি বলেন, বর্তমান সরকার গত ছয় বছর ধরে ক্ষুদ্র ঋণের গণ্ডি ছাড়িয়ে গরীব মানুষকে সমৃদ্ধ করার কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদেশি মতাদর্শের বাইরে পিকেএসএফ প্রতিষ্ঠিত হয় পঁচিশ বছর আগে। এর পর নিজস্ব ধ্যান-ধারণায় প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। নিজ কার্যক্রমগুণে সংস্হাটি দেশ বিদেশে সমাদ্রিত হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
