২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজারবাইজান গেলেন অর্থমন্ত্রী

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় যোগ দিতে আজারবাইজান গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজারবাইজানের উদ্দেশে মন্ত্রী ঢাকা ছেড়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

২ থেকে ৫ মে আজারবাইজানের রাজধানী বাকুতে এই উন্নয়ন সংস্থার বোর্ড অব গভর্নরসের ৪৮তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

এবারের সভার প্রতিপাদ্য হচ্ছে- ‘উন্নয়নে জোরদার অংশীদারিত্ব’।

সভায় এডিবি সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নেবেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

৭ মে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।