২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ক জালিয়াতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

কারসাজি করে সোনালী ব্যাংক থেকে হল-মার্কের সাড়ে তিন হাজার কোটি টাকা ‘লুট’ এবং বেসিক ব্যাংকের টাকা ‘লোপাটের’ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 08:52 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সদস্যরা এ নিয়ে প্রশ্ন রাখেন।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেনালী ব্যাংকের কর্মকর্তাদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি?

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে যোগাযোগ করবেন বলে কমিটিকে জানান তিনি।

বৈঠকে হল-মার্ক কারসাজি ও সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ, বেসিক ব্যাংকের টাকা লুট এবং জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিষয়ে আলোচনা হয়।

পরে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, “হল-মার্ক কেলেঙ্কারির মামলায় জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অথচ পুলিশ তাদের এখনও গ্রেপ্তার করেনি। এ নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত অর্থমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করবেন বলে কমিটিকে জানিয়েছেন।”

কমিটিও এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদককে তাগিদ দেবে বলে জানান তিনি।

আবদুর রাজ্জাক আরও জানান, বেসিক ব্যাংকের টাকা জালিয়াতির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ সংক্রান্ত প্রতিবেদন অচিরেই কমিটিতে পাঠানো হবে।

নাম প্রকাশ না করে কমিটির একজন সদস্য বলেন, “বৈঠকে সোনালী ব্যাংকের দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির এবং বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাইয়ের বিষয়ে আলোচনা হয়। সদস্যদের কেউ কেউ জানান, তারা দুই জনই বর্তমানে দেশে আছেন। তখন অর্থমন্ত্রী বলেন, দেশে থাকলে তারা গ্রেপ্তার হচ্ছেন না কেন?”

আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শওকত চৌধুরী অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।