২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট চালু হবে

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 11:24 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

আগামী ১৫ দিনের মধ্যে এই ইউনিট গঠন করতে বলা হয়েছে।

নারী উদ্যোক্তা উন্নয়নে তদারকি জোরদার করতে রোববার এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন এজেন্ডাসহ মিলিনিয়াম উন্নয়নের লক্ষ্যমাত্রার একটি অন্যতম হল- নারীর অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়ন।

এ লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতাকে আরো বেগবান করতে বাংলাদেশ ব্যাংকে নবগঠিত ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট’ কার‌্যক্রম পরিচালনা করছে।  

“তারই ধারাবাহিকতায় দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়ে (যদি থাকে) নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“প্রস্তাবিত ইউনিট শাখা পর্যায়ের এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করবে। এ ইউনিটে নারী কর্মকর্তা নিয়োজিত করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।”

নারী উদ্যোক্তাদের সব ধরনের সেবাদান, ঋণ বিতরণে উদোগী ভূমিকা পালন, এসএমই ঋণ বিতরণ ও লক্ষ্যমাত্রা অর্জন, নারী উদ্যোক্তাদের ক্লাস্টার খুঁজে বের করে তাদের ঋণ বিতরণ কর্মকাণ্ডে আনতে এ ইউনিট কাজ করবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

আগামী ১৫ দিনের মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ ইউনিট গঠন করে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে বলা হয়েছে।