২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ প্রত্যাহার চায় বিকেএমইএ

রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 07:39 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শনিবার সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান এক বিবৃতিতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং নতুন বাজারে বাংলাদেশের নিট পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

একইসঙ্গে ভবিষ্যতেও হরতাল এবং অবরোধের মত ধ্বংসাত্মক কর্মসূচি না দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে অনুরোধ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, বিগত দিনগুলোতেও তৈরি পোশাক কারখানায় বিভিন্ন সমস্যার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে উন্নয়ন পরিকল্পনা চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে।

“কিন্তু বিকেএমইএ নতুন বাজার সম্প্রসারণ পদক্ষেপ নেওয়ার ফলে বেশ কিছু বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়েছে এবং সেসব বাজারে নিট পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে।

“তার রেশ কাটতে না কাটতেই অনাকাঙ্খিত ধ্বংসাত্মক কর্মসূচি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থায় চলতি অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। ৬ দশমিক ৫ শতাংশ হবে কীনা তা নিয়েও সংশ্রয় দেখা দিয়েছে।”

বিবৃতিতে বলা হয়, ২০১৩-১৪ অর্থবছরে অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক, রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত ও ব্রাজিল প্রভৃতি নতুন বাজারে নিট পণ্য রপ্তানির গড় প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১৭ শতাংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বাজারে নিট পণ্যের রপ্তানি বাধাগ্রস্থ হচ্ছে এবং সম্ভাবনাময় এই বাজারগুলোতে নিট পণ্য রপ্তানি হুমকির মুখে পড়েছে।”