পুঁজিবাজারে বিনিয়োগ ব্যাংকগুলোকে জানাতে হবে সপ্তাহান্তে
দৈনিকের বদলে সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমাণ বাংলাদেশ ব্যাংককে জানানোর নতুন সিদ্ধান্ত হয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় কমিটির বৈঠকে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ নিয়মিত মনিটরিং করা হয়। এজন্য প্রতিদিনই তাদের থেকে তথ্য নেয়া হয় কী পরিমান বিনিয়োগ তাদের পুঁজিবাজারে রয়েছে।
ব্যাংকগুলো এ নিয়ম নিয়ে অনেকদিন ধরে আপত্তি করে আসছিল জানিয়ে এস কে সুর বলেন, “তারা বলছিল এ নিয়ে বাজারে এক ধরনের অস্থিরতাও রয়েছে।
“এজন্য ব্যাংকগুলোর রিপোর্টিংয়ের সুবিধার্থে এবং বাজারের স্থিতিশীলতার স্বার্থে আমরা ঠিক করেছি সপ্তাহের শেষ কর্মদিবসে ব্যাংকগুলো তাদের বিনিয়োগের তথ্য জানাবে,” বলেন ডেপুটি গভর্নর।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এনজিওগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, মোবাইল ফোন অপারেটরদের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং জয়েন স্টক রেজিস্টার অ্যান্ড ফার্মস এই আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় কমিটির সদস্য।
বিটিআরসি এই প্রথম এই কমিটির বৈঠকে অংশ নিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকার বলে এই কমিটির চেয়ারম্যান।
প্রতি তিন মাসে একবার বৈঠকে বসে সমন্বয় কমিটি। এই কমিটির মুল লক্ষ্য আর্থিক খাতের মধ্যে আইন, বিধি-বিধান বাস্তবায়ন ও রিপোর্টিয়ে সমন্বয় সৃষ্টি।
সুর চৌধুরী বলেন,“বৈঠকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইনের অধীনে নগদ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের যেসসব তথ্য রিপোর্টিং এজেন্সির পাঠানোর কথা তা যথাযথভাবে পাঠানোর বিষয়ে এজেন্সিগুলো যাতে আরও সক্রিয় হয় সে বিষয়ে সবাই একমত হয়েছে।
“কারণ অনেক প্রতিষ্ঠান প্রতিমাসেই ‘নীল’ রিপোর্ট পাঠাচ্ছে। আমরা মনে করি না সবসময় নীল হওয়ার কোন কারণ আছে। এজন্য তাদেরকে আরও সক্রিয় হয়ে যাচাই-বাছাই করে রিপোর্ট করতে হবে।”
“একইসাথে আমরা বিটিআরসিকে এই কমিটির সদস্য করার বিষয়ে একমত হয়েছি। কারণ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করা হয়েছে। অধিকাংশ ব্যাংক এখন এই সেবাটি দিচ্ছে,” বলেন ডেপুটি গভর্নর।
এছাড়া বৈঠকে ‘ইন্ট্রিগ্রিটি সুপারভিশন পলিসি’ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সুর চৌধুরী।
