ফায়ার সার্ভিস আধুনিকায়নে ২০০ কোটি টাকা
গভীর নলকূপের পাইপের নিচ থেকে শিশু জিহাদকে উদ্ধারে ব্যর্থতার পর ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্সকে যুগোপযোগী করতে ২০০ কোটি টাকা ব্যয় করতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদিত হয়েছে। এর আওতায় আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন বসবে।
রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে অরক্ষিত পাইপে পড়ে চার বছরের শিশু জিহাদের মারা যাওয়ার তিন দিনের মধ্যে ‘মর্ডানাইজেশন অফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ প্রকল্পটি অনুমোদন পেল।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “জিহাদের মর্মান্তিক ঘটনাটি আমাদের সবাইকে ব্যথিত করেছে। জিহাদের মর্মান্তিক মৃত্যু, রানা প্লাজা ধস আমাদের অনেক কিছুর সঙ্গে এই শিক্ষা দেয় যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক করতে হবে।”
গত শুক্রবার জিহাদ পাইপে পড়ে যাওয়ার পর প্রায় ২৩ ঘণ্টা ধরে কাজ চালিয়েও শিশুটির অবস্থান সনাক্ত কিংবা তাকে উদ্ধার করতে পারেনি দুর্যোগে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া বিভাগ ফায়ার সার্ভিস।
সরকারি উদ্ধারকর্মীদের ব্যর্থতার পর কয়েকজন তরুণের উদ্যোগে জিহাদের লাশ তুলে আনা হয়। এই তরুণদের ভূমিকার প্রশংসা করেন পরিকল্পনামন্ত্রীও।
“যে ব্যক্তিরা এই শিশুকে উদ্ধারে এগিয়ে এসেছিল, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে অফিসিয়ালি ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।”
শিশু জিহাদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা, তবে তাদের চেষ্টা ছিল ব্যর্থ
অনুমোদিত প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিসের জন্য উদ্ধার কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতিসহ চারটি রেসকিউ কমান্ড ভেহিকল কেনা হবে। এছাড়াও কেনা হবে ৬০ টন ক্যাপাসিটির তিনটি এক্সকাভেটর এবং ১টি হেভি ডিউটি ক্রেইন।
অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য ১২টি টোয়িং ভেহিকল, ১১০০০ লিটার ধারণক্ষমতার চারটি স্পেশাল ওয়াটার টেন্ডারও এ প্রকল্পের আওতায় কেনা হবে।
অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য ইমার্জেন্সি টেন্ডার নামের ৫টি ও টার্নটেবল লেডার নামের ৪টি অত্যাধুনিক গাড়িও ক্রয় তালিকায় রয়েছে।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা।বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০১৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করবে প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
একনেকের এদিনের বৈঠকে এটিসহ ৭ হাজার ১৭ কোটি টাকার মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বলে পরিকল্পনামন্ত্রী জানান।
গ্যাস বাড়াতে ৮৬৮ কোটি টাকার প্রকল্প
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াতে একটি বড় প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে।
এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৬৮ কোটি টাকা। জাপানি উন্নয়ন সংস্থা জাইকা মোট ব্যয়ের মধ্যে ৭২৯ কোটি টাকা দেবে প্রকল্প সাহায্য হিসেবে। বাকি ১৩৯ কোটি টাকা জোগান দেবে সরকার।
‘ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্ট’ নামের এই প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম প্রধান তিতাস ও নরসিংদী গ্যাসক্ষেত্রের গ্যাসের চাপ দিন দিন কমে আসছে। এর ফলে এই দুটো গ্যাসফিল্ড থেকে গ্যাস উৎপাদন ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দিন দিন কমে যাচ্ছে।
“গ্যাসের চাপ এভাবে কমে যেতে থাকলে আগামী ৩ থেকে ৭ বছরের মধ্যে এদুটো গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিড লাইনের চাপের সাথে তাল মিলিয়ে গ্যাস সরবরাহ করা আর সম্ভব হবে না।”
এ সমস্যার সমাধানে এ দুটো গ্যাসফিল্ডে মোট ৬টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হবে। ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং উৎপাদন ও সরবরাহ বেড়ে যাবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
কম্প্রেসর স্থাপনের এ প্রকল্পটি ২০২০ সালের জুন মাস নাগাদ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বাস্তবায়ন করবে।
সব গ্যাস সংযোগ প্রি-পেইড মিটারে
গ্যাসের অপচয় ও সিস্টেম লস ঠেকাতে এখন থেকে সব গ্যাস সংযোগ প্রি-পেইড মিটারভিত্তিক করার একটি প্রকল্পও সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি টাকা।
এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দুই ধাপে মোট ৬০,০০০ গৃহস্থালিতে প্রি-পেইড মিটার স্থাপন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকাতেই প্রি-পেইড গ্যাস মিটার বসানো হবে।
প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ৮১ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে ১৫৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(কেজিডিসিএস) ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
অন্যান্য প্রকল্প
বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী এ নয়টি উপকূলীয় জেলার ৭৪টি উপজেলায় জনগণের জানমাল ও গবাদিপশু রক্ষায় ৫৫৬টি সাইক্লোন সেন্টার নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নামের এই প্রকল্পের আওতায় উপকূলীয় জেলাগুলোতে নতুন সাইক্লোন সেন্টার নির্মাণ ছাড়াও ৪৫০টি সাইক্লোন সেন্টার মেরামত করা হবে।
এছাড়া ৫৫০ কিলোমিটার সাইক্লোন সেন্টার সংযোগকারী সড়ক নির্মাণ ও পুননির্মাণ করা হবে।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৯৩৫ কোটি টাকা। বিশ্ব ব্যাংক এ প্রকল্পে ২৯২৫ কোটি টাকা প্রকল্প সাহায্য দেবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এছাড়া সভায় চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল উপকূলীয় রুটে সারা বছর যাত্রীবাহী নৌ-সার্ভিস বজায় রাখতে ২টি জাহাজ নির্মাণ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি ৫০০ ও ৭০০ যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এদুটি যাত্রীবাহী জাহাজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ৫২ কোটি টাকা। ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি।
দেশের ২২টি নদী বন্দরে আবহাওয়া পর্যবেক্ষণাগার নিশ্চিত করতে চার কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে।
সারাদেশের মসজিদগুলোকে কাজে লাগিয়ে একটি সুসংগঠিত প্রাক-প্রাথমিক শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা ও কুরআন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ১ হাজার ৫০৬ কোটি টাকার একটি প্রকল্পও মঙ্গলবারের একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
