২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি আইনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

বিরোধ নিষ্পত্তিতে পারস্পরিক সম্মতি, তৃতীয় পক্ষের মধ্যস্থতা ও সালিশের বিধান রেখে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ে আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন, ২০১৪ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে বৈঠক শেষে জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি বলেন, “এই আইনে সাতটি অধ্যায় ও ৪৪টি ধারা রয়েছে। পিপিপি সংক্রান্ত দাপ্তরিক বা বিশেষায়িত কাজগুলো করবে পিপিপি অফিস। পিপিপি করতে বিভিন্ন মন্ত্রণালয় উদ্যোগ নেবে, তাদের কারিগরি সহায়তা দেওয়ার জন্য পিপিপি অফিস কাজ করবে। এটি আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে।

“পিপিপি অনুমোদনের জন্য কর্তৃপক্ষ হবে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, যে কোনো কেবিনেট কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হয়।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পিপিপি কার্যক্রমে দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ পিপিপি এডভাইসরি কাউন্সিল) থাকবে। অর্থমন্ত্রী এর ভাইস চেয়ার ও প্রধানমন্ত্রীর মূখ্যসচিব সদস্য সচিব হবেন। তারা নীতিগত নির্দেশনা দেবেন এবং পিপিপির সার্বিক কাযক্রম তদারকি করবেন।

পিপিপির আওতায় কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে আগে কোম্পানি গঠনের বাধ্যবাধকতা রয়েছে।

সচিব বলেন, পিপিপি প্রকল্পে কোনো বিরোধ দেখা দিলে প্রথমে পারস্পরিক সম্মতিতে তা নিষ্পত্তির চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে তৃতীয় কোনো মধ্যস্থতাকারীর সহায়তা নিতে হবে। এর পরও সমাধান না হলে আনুষ্ঠানিক সালিশ আদালতে যাওয়ার বিধান রাখা হয়েছে আইনে।

“এ আইনের মাধ্যমে চুক্তিকারী কর্তৃপক্ষ বা উদ্যোক্তা মন্ত্রণালয় কীভাবে কাজ করবে তা বলা হয়েছে, পিপিপি অফিস কী কাজ করবে, পিপিপি প্রকল্প গ্রহণের ও অনুমোদন গ্রহণের প্রক্রিয়া এবং পিপিপির আওতায় কী ধরনের কর্মকাণ্ডে সরকার অংশগ্রহণ করতে পারেব এসব বিষয় আইনে বলা হয়েছে।

“পিপিপি প্রকল্পে সরকারের প্রণোদনা দেওয়ার নিয়মও আইনে রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মূল কাজ প্রাইভেট সেক্টর করবে, সরকার কারিগরি সহায়তার বিকল্পে অর্থায়ন করবে। ভাইবালিটি গ্যাপ ফাইন্যান্সিং (ভিজিএফ) অর্থাৎ প্রকল্পে যে গ্যাপ থাকবে তা আর্থিকভাবে বা অন্যান্যভাবে সরকার পূরণ করবে।”

বর্তমানে সরকারের ৩৯টি প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়নের উদ্যোগ চলছে বলেও তিনি।

পুরনো খবর:

পিপিপি আইনের নীতিগত অনুমোদন