পিপিপি আইনের নীতিগত অনুমোদন
চুক্তি বাতিলের ক্ষেত্রে সরকারের ক্ষমতা বাড়িয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিষয়ে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৩ এর খসড়ায় এই অনুমোদন দেয়া হয় বলে বৈঠক শেষে জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
তিনি সাংবাদিকদের বলেন, “বর্তমানে পিপিপি চুক্তি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) নীতিমালা ও কৌশল ২০১০ এর আলোকে হয়, অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করতেই এ আইন করা হচ্ছে।
“আইনে চুক্তি বাতিলের ক্ষেত্রে সরকারের বেশি ক্ষমতা থাকছে এবং জনস্বার্থেই এ ক্ষমতা দেয়া হচ্ছে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন “কিভাবে পিপিপি বাস্তবায়ন হবে, চুক্তি, চুক্তির মেয়াদ বৃদ্ধি, চুক্তি বাতিল, বিরোধ নিষ্পত্তি ইত্যাদির দিকনির্দেশনা রয়েছে এই আইনে।”
এই আইনে সাতটি অধ্যায় ও ৬৮টি ধারা রয়েছে। এই আইন হওয়ার পর প্রণীত নীতিমালা অনুযায়ী সব সিদ্ধান্ত নেয়া হবে।
বর্তমানে সরকারের ৩৫টি প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়নের উদ্যোগ চলছে।
পিপিপিকে লাভজনক করতে সরকার সংযোগ প্রকল্পগুলো করে দিবে এবং প্রকল্প অনুমোদন হবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।
তবে গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত করতে চাইলে এ আইনের বাইরেও করা যাবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এজন্য আলাদা একটি কমিটি করে তার অনুমোদন নিতে হবে।
আনসলিসিটেড অফার বা প্রকল্পের জন্য নিজে উদ্যোগী হয়ে কেউ প্রস্তাব নিয়ে এলে সে বিষয়েও আইনে উল্লেখ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রথম প্রস্তাবকারীরা মূল্যায়নে অগ্রাধিকার পাবে এবং এখানে অন্যান্যদেরও এ প্রকল্পে সুযোগ থাকবে।”
প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কোম্পানি করতে হবে এবং চুক্তিতে মালিকানার পরিমাণ নির্ধারিত থাকবে।
এই আইনের আওতায় একটি পিপিপি অফিস করা হবে এবং এর প্রধান হবেন একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিই্ও)।
