২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

বিভিন্ন অনিয়মের অভিযোগের মুখে থাকা বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 10:30 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

বুধবার বিকালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাস নিজের দায়িত্বের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, ক্রেডিট কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। বৈঠকে বিভিন্ন বিষয়ে মতামতও থাকবে তার।

চিঠিতে বলা হয়েছে, “ব্যাংকের ব্যবস্থাপনায় সুশাসনের অভাব, আর্থিক সূচকগুলোর ক্রমাবনতি, ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুর্বলতা পরিলক্ষিত হওয়ায় এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।”

ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক রয়েছেন। এই পর্ষদের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে বেশ কিছু অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের আর্থিক সূচক ক্রমশ অবনতির মুখে।

মার্কেন্টাইল ব্যাংক একক ঋণ গ্রহীতার সীমা লংঘন করে দুটো গ্রুপ অব কোম্পানিকে প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা ঋণ দিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে ধরা পড়েছে।

এছাড়া ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, যা যথার্থ নয় বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে।

এসব অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েক দফায় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিলেও ব্যাংকটি তা কার্যকর করেনি।

কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ রয়েছে মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে।

বিশেষ করে ড্যাশবোর্ড এ যথাসময়ে তথ্য না দেওয়া, তথ্য গোপন করা, ঝুঁকি থাকা সত্ত্বেও ডিসক্রিসেন্ট ডকুমেন্ট ক্রয় করা, সার্কুলার অমান্য করে সরেজমিনে ক্রয়কৃত মালামালের প্রকৃত সরবরাহের সত্যতা নিশ্চিত না হয়ে ঋণপত্রের স্বীকৃতি দেওয়া, অভ্যন্তরীণ বিল ক্রয় ও মেয়াদ উত্তীর্ণ বিলের তথ্য ড্যাশবোর্ডে উল্লেখ না করে তথ্য গোপন করা, যথাযথভাবে শ্রেণিকরণ না করা, গ্রাহকের হিসাবে অর্থ নেই জেনেও চেক কেনা ইত্যাদি।