বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল: আইএমএফ
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ‘স্থিতিশীল’ রয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরে পাওয়া অর্থনীতির সাম্প্রতিক অবস্থার তথ্যগুলো পর্যালোচনার ভিত্তিতে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে প্রতিনিধি দল।
আইএমএফের নির্বাহী পরিচালক রাকেশ মোহন পর্যবেক্ষণ প্রতিবেদনে বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আর্থিক খাত সুদৃঢ় অবস্থানে রয়েছে।
“৬ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসছে।”
প্রতিবেদনে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমানের প্রশংসা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষক দল অর্থনীতির সূচকগুলোর ক্রমোন্নতির পাশাপাশি সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেছে, অর্থনৈতিক স্থিতিশীলতা সুসংহত করতে বেশকিছু খাতে উল্লেখযোগ্য সংস্কার করা হয়েছে।
সরকারি ঋণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, সরকারি আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রণয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও পোশাক শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা ও কর্ম-পরিবেশের উন্নয়নে কর্তৃপক্ষ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে প্রতিনিধি দল মনে করে।
