২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটনের জন্য যোগাযোগ উন্নয়নের পরামর্শ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে আঞ্চলিক যোগাযোগ বাড়ানো ও অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের পরামর্শ দিয়েছেন ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 02:40 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

একইসঙ্গে বাংলাদেশের পর্যটন খাতের ব্যবসায়ীদের অন্য দেশের পর্যটন খাতের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনারও পরামর্শ দেন তারা।

বৃহস্পতিবার এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, চীন দূতাবাসের প্রতিনিধিরা এ পরামর্শ দেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে মাসিক ম্যাগাজিন পর্যটন বিচিত্রা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী, মালয়েশিয়ার হাই কমিশনার এইচ ই নরলিন, নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেস্থা, শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার এ জি এবেসেকারা, ফিলিপাইনের ডেপুটি কনসাল জেনারেল নুরদিন পেনডোসিনা, চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (কালচার) হং লি, পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ বক্তব্য দেন।

রাশেদ খান মেনন বলেন, “পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। ইতিমধ্যে পর্যটন বোর্ড গঠন করা হয়েছে। আমরা আশা করছি, সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে আসবে।”

পর্যটন সচিব বলেন, “সরকার এ খাতে বরাদ্দ বাড়িয়েছে। দেশের জনগণও পর্যটনের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমরা উন্নত সেবা নিশ্চিত করার আধুনিক সব ব্যবস্থা নিচ্ছি। তবে বেসরকারি খাতেও সেবার মান বাড়াতে হবে।”

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী বলেন, “পর্যটন খাতে গুরুত্ব দিয়ে সরকার একটি এক্সক্লুসিভ পর্যটন জোন গড়ে তুলতে চাচ্ছে। এজন্য বিদেশি বিনিয়োগকারীও খোঁজা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।”

মালয়েশিয়ান হাই কমিশনার এইচ ই নরলিন বলেন, “বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান আছে। এগুলো মানুষকে জানাতে হবে, যাতে অন্য দেশের পর্যটকরা বাংলাদেশ সম্পর্কে সহজে ধারণা পায়। এজন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে হবে।

“বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর রুটে দিনে সাতটি ফ্লাইট যাতায়াত করে। বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন খাতের মধ্যে সমন্বয় হওয়ার এটি একটি বিরাট সুযোগ। দুই দেশের ব্যবসায়ীরা এটিকে কাজে লাগাতে পারে।”

নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেস্থা বলেন, বাংলাদেশ ও নেপালের ব্যবসায়ীরা যৌথভাবে ট্যুরিজম করতে পারে। দুই দেশের ভিসা ও যোগাযোগ এখন অনেক সহজ।

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাই কমিশনার এ জি এবেসেকারা বলেন, “বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন করা দরকার। এখানকার রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো পর্যটনবান্ধব নয়। এ অবস্থায় বিদেশি পর্যটক আকৃষ্ট করা যাবে না।”

এসময় নিজের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি পরিবার নিয়ে সুন্দরবন, সিলেট ও বরিশাল গেছি। প্রত্যেকটি এলাকার রাস্তাই খারাপ, কোন কোন জায়গায় ঝুঁকিপূর্ণও।”

তিন দিনের এ মেলায় বাংলাদেশ, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের ১২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলার স্টল ঘুরে দেখতে পারবেন। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ২০ টাকা। তবে শিক্ষার্থীদের কোনো টাকা লাগবে না।