প্রয়াত সাইফুর রহমানের প্রশংসায় প্রতিদ্বন্দ্বী মুহিত
ভ্যাট বা মূসক চালুর জন্য প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রশংসা করেছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার রাজধানীতে ভ্যাট আইন নিয়ে এক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী মুহিত বলেন, “মূসক (মূল্য সংযোজন কর) আইন একটি উত্তম আইন। ১৯৯১ সালে প্রয়াত সাইফুর রহমান সাহেব মূসক আইন প্রণয়ন এবং কার্যকরের উদ্যোগ নেন। যদিও সে সময় এই আইনের খুব বিরোধিতা হয়েছিল কিন্তু সেই মূসক থেকেই এখন আমাদের রাজস্বের একটা উল্লেখযোগ্য অংশ আসছে।”
মুহিতের আগে সাইফুর রহমানই বেশি মেয়াদি অর্থমন্ত্রী ছিলেন। ভ্যাট থেকে রাজস্ব বাড়ায় অবদান রাখার জন্য উপস্থিত ব্যবসায়ীদের ধন্যবাদ জানান মন্ত্রী মুহিত।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, গত ২০১৩-১৪ অর্থবছরে ভ্যাট থেকে ৫০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা মোট রাজস্বের ৩৭ শতাংশ।
“সাইফুর রহমান যখন এটি চালু করেন তখন এর বিরোধিতা হয়েছিল।”
১৯৯১ সালে যখন নতুন কর ব্যবস্থা ভ্যাট চালু হয় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এর বিরোধিতা করেছিল।
সম্প্রতি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাইফুর রহমানের মৃত্যুতে শোক না জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন।
গত ২০১৩-১৪ অর্থবছরে তা প্রায় ৩০ গুণ বেড়ে ৪৯ হাজার ৯৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
চলতি ২০১৪-১৫ অর্থবছরে ভ্যাট থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৫০০ কোটি টাকা।
২০১২ সালের ২৭ নভেম্বর সংসদে নতুন ভ্যাট আইন পাশ হয়েছে। তা ২০১৫-১৬ অর্থবছর অর্থ্যাৎ ২০১৫ সালের পহেলা জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
সংসদে পাশ হওয়া এই আইন নিয়ে শুরু থেকেই প্রবল আপত্তি জানিয়ে আসছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।
রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
