সংকটের মুখে চাকরির বাজার: বিশ্ব ব্যাংক
বিশ্ব চাকরির বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা করছে বিশ্ব ব্যাংক।
অস্ট্রেলিয়ার সিডনিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের এক বৈঠকে এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়।
মঙ্গলবার জি-২০ দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে এ তথ্য জানান বিশ্ব ব্যাংকের কর্মসংস্থান বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক নাইজেল টোজ।
তিনি বলেন, বিশ্ব বর্তমানে চাকরির সংকটের সামনে দাঁড়িয়ে আছে, যা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ব্যাহত করবে।
“গবেষণা থেকে একদম পরিষ্কার হয়ে গেছে যে, চাকরির অভাবতো আছেই মানসম্মত চাকরিরও অভাব আছে ।”
চাকরির অভাবের পাশাপাশি আয়ে বৈষম্য বাড়ছে বলেও জানান তিনি ।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা এবং শ্রমবিষয়ক সংগঠনগুলোর তথ্য উপাত্ত থেকে তৈরি করা ওই গবেষণাপত্রে বলা হয়, জি-২০ দেশগুলোর অন্তত ১০ কোটি মানুষ বেকার এবং প্রায় ৪৫ কোটি মানুষ স্বল্প বেতনে কাজ করছে, যাদের দৈনন্দিন আয় ২ ডলারের মতো।
নাইজেল টোজ বলেন, ২০১৩-১৪ সালে বিশ্ব অর্থনীতি কিছুটা ঘুড়ে দাঁড়ালেও এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা খুবই কম। এর অন্যতম কারণ- চাকরির মন্দা বাজার এবং ব্যয়ের সঙ্গে বিনিয়োগ না বাড়া।
তার মতে, এ সমস্যা থেকে উত্তরণে সরকারির পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।
