২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থঋণ মামলা: আলাদা বেঞ্চ গঠনে আইনমন্ত্রীকে মুহিতের অনুরোধ

অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়ে আইনমন্ত্রীকে চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 10:00 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হককে পাঠানো চিঠিতে অর্থমন্ত্রী অর্থঋণ আদালতে রিটের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা তুলে ধরেছেন।

চিঠিতে অর্থমন্ত্রী বলেছেন, “বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ ব্যাংক এবং ১৫টি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কার্যরত আছে। বাংলাদেশ ব্যাংক এবং এসব রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক বেঞ্চ গঠন ও মামলাগুলোর এনালোগাস হেয়ারিং-এর কার্যকরী ব্যবস্থা গ্রহণের বিষয়ে এ চিঠিখানা লিখছি।”

অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০০১ সাল থেকে ২০১৪ পর্যন্ত সময়ে হাইকোর্টে অনিষ্পন্ন রিটের মধ্যে অর্থঋণ সংক্রান্ত রিটের সংখ্যা এক হাজার ৫১৭টি। এসব রিটে জড়িত অর্থের পরিমাণ আট হাজার ৫৬৯ কোটি ৮৭ লাখ টাকা।

এরমধ্যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) সংক্রান্ত ৫২১টি রিটে ২০ হাজার ৪৬৯ কোটি ১৬ লাখ এবং ৪৭৪টি অন্যান্য রিটে ৯৮০ কোটি ৬৩ লাখ টাকা জড়িত।

“এভাবে সরকারি মালিকানাধীন ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপিরা উচ্চ আদালতে দুই হাজার ৫১২টি রিট করে রেখেছেন। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৩০ হাজার ১৯ কোটি ৬৬ লাখ টাকা।”

অর্থমন্ত্রী বলেছেন, এসব রিটের দ্রুত নিষ্পত্তি হলে আর্থিক খাতে ঋণ-শৃঙ্খলা জোরদারের পাশাপাশি খেলাপি ঋণের সংস্কৃতি কমবে এবং শক্তিশালী ও স্থিতিশীল হবে আর্থিক খাত।

এর মধ্য দিয়ে বিনিয়োগে উৎপাদনবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভভ হবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মুহিত।

চিঠিতে আরও বলা হয়েছে,“রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে ব্যর্থ খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। খেলাপি ঋণগ্রহীতারা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করে বিভিন্ন যুক্তিতে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করছেন। ফলে বিতরণকৃত ঋণের অর্থ যথাসময়ে আদায় হচ্ছে না।

“এতে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি এসব খেলাপি গ্রাহকের স্ট্যাটাস (খেলাপি হিসেবে চিহ্নিতকরণ) যেন বাংলাদেশ ব্যাংকের সিআইবি তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত হতে না পারে, তার জন্য হাই কোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে তারা স্থগিতাদেশ লাভ করছেন। ফলে তারা খেলাপি অবস্থাতেও অন্য ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন।”

হাইকোর্ট বিভাগে অর্থঋণ সংক্রান্ত ও অন্যান্য রিটের শুনানির জন্য একাধিক বেঞ্চ থাকলেও শুধু অর্থঋণ সংক্রান্ত রিটের শুনানির জন্য একক কোনো বেঞ্চ নেই।