১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাল ও মাংসের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির যে চিত্র দেখিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), সেটা ‘সঠিকভাবে’ দেওয়া হয়েছে বলে তুলে ধরেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 08:53 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চাল ও মাংসের দাম কমার কারণেই জুলাইতে মূল্যস্ফীতি আট মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে বলে মনে করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তার মতে, জুলাই মাসে মূল্যস্ফীতির যে চিত্র দেখিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), সেটা ‘সঠিকভাবে’ দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সামনে আসেন।

অর্থমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিবিএসের প্রতিবেদনে জুলাইয়ে মূল্যস্ফীতির যে তথ্য (৮ দশমিক ৩২ শতাংশ) দেখানো হয়েছে, তা সাধারণ মানুষের কাছে ‘বিশ্বাসযোগ্য নয়’। জুলাই মাসে সব জিনিসের দাম বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল বেশি। কিন্তু সরকার বলছে মূল্যস্ফীতি কমেছে। এর কারণ কি?

জবাবে মন্ত্রী বলেন, “মূল্যস্ফীতির যে তথ্য দেওয়া হয়েছে, এর মধ্যে আমি দুইটা জিনিস পরীক্ষা করে দেখেছি। চালের দাম কমেছে। মাংসের দাম কমেছে। আমরা পুনর্বার যাচাই করেছি। নতুন মূল্যস্ফীতির যে তথ্যটা দেওয়া হয়েছে, সঠিকভাবে দেওয়া হয়েছে।

“এই সরকার একটি জিনিস করবে না, যেটাতে তথ্যের বিভ্রান্তি হয়। ভুল তথ্য এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ ওদেরকে (বিবিএস) বলছি, সঠিক তথ্য দিতে, যাতে আমরা কাজ করতে পারি। কারণ সরকার যদি সঠিক তথ্য না পায়, কিসের ভিত্তিতে পলিসি করব?”

মঙ্গলবার প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যে দেখা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ; যা আট মাসের মধ্যে সবচেয়ে কম।

অথচ জুলাইয়ের শেষ দিকে টানা বর্ষণ ও অনেক জেলায় জলাবদ্ধতার অজুহাতে অস্থির ছিল কাঁচাবাজার। জ্বালানির দামও বেড়েছে জুন থেকে। অন্যান্য নিত্যপণ্যের দামও ছিল বাড়তি।

সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। দু-তিনটি ছাড়া বাজারের প্রায় সব সবজির কেজি এখন ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল কাঁচামরিচের দাম। মান ও বাজারভেদে প্রতি কেজির দাম ঠেকেছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। ডিমের দামও ছিল বাড়তি। 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য মতে, ১১ শতাংশ পর্যন্ত বেশি ছিল ব্রয়লার মুরগির দাম।

অনুষ্ঠানে মূল্যস্ফীতির বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “আগামীতে মূল্যস্ফীতি কীভাবে পরিমাপ করা হয়, সেটাসহ আমরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করব। সেখানে পুরো প্রক্রিয়াটা উত্থাপন করা হবে।” 

চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি অর্জনে পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক এ জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “ট্রেডিশনাল পাবলিক ফাইনান্সিং থেকে একটু বেরিয়ে আসতে চাই। কারণ এখানে সীমাবন্ধতা আছে। আমরা এখন অল্টারনেটিভ ফাইনান্সিংয়ের কথা বলছি। কারণ গ্লোবালি এখন পাবলিক ফাইনান্স আর্কিটেকচার চেঞ্জ হয়ে গেছে। বড় ধরনের পরিবর্তন আসছে।

“শেয়ারবাজার, ক্যাপিটাল মার্কেট, বন্ড এবং সার্বভৌম তহবিল ব্যবস্থাপনাসহ বিভিন্ন উপকরণের মাধ্যমে অর্থায়ন ঘাটতি পূরণের চেষ্টা চলছে। পাশাপাশি কর-জিডিপি অনুপাত বাড়ানোর চেষ্টা চলছে।”