২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ উপজেলার উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন

৩১ উপজেলার উন্নয়নে দুই হাজার ৬৪৮ কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 07:56 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ তিন হাজার ৪৪৫ কোটি ১৭ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) সংবাদ সম্মেলনে বলেন, পাঁচ প্রকল্পের মোট ব্যয়ের আড়াই হাজার কোটি টাকাই আসবে প্রকল্প সাহায্য থেকে। বাকি অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে যোগান দেবে।

এই পাঁচ প্রকল্পের মধ্যে দুটি নতুন, তিনটি সংশোধিত প্রকল্প।

‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ’ প্রকল্পের আওতায় দেশের ৩১টি পৌরসভায় দারিদ্র্য ও জেন্ডারবান্ধব নগর সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নত নগর অবকাঠামো তৈরির মাধ্যমে পরিসেবার উন্নয়ন করা হবে।

একইসঙ্গে পৌরসভাগুলোর সমন্বিত ও সার্বিকভাবে সব বিষয়ে উন্নত পৌরসেবা, টেকসই আর্থিক ব্যবস্থা, জনগোষ্ঠির অংশগ্রহণ, জবাবদিহিতা, স্বচ্ছতা ও নিয়ন্ত্রিত নগর উন্নয়ন ইত্যাদি নিশ্চিত করে সুশাসন ও উন্নত ভৌত অবকাঠামো সেবা নিশ্চিত করা হবে।

২০২০ সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হবে, যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

একনেকের সভায় নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ-সুনামগঞ্জ-সিলেট সড়ক উন্নয়ন (নেত্রকোনা অংশ) শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।

৩৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ২০১৫ সালের জুনের মধ্যে শেষ হবে।

নেত্রকোণা-ধর্মপাশা-জামালগঞ্জ-সুনামগঞ্জ-সিলেট সড়ক উন্নয়নের মাধ্যমে নেত্রকোণা হতে সুনামগঞ্জ জেলায় যাতায়াতের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন ও জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা প্রকল্পের মূল উদ্দেশ্য। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সভায় বিরিশিরি-বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ প্রকল্পও অনুমোদন দেয়া হয়, যার ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৬১ লাখ টাকা।

সম্পূর্ণ সরকারি অর্থে সড়ক ও জনপথ অধিদপ্তর ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এর আওতায় নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় মাদুপাড়া সংযোগসহ বিরিশিরি-বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণের মাধ্যমে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন, পণ্য পরিবহণ ও বাণিজ্য সুবিধা সম্প্রসারণ ও আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে।

সোলার প্যানেল স্থাপনসহ সমবায় ভবনের অসমাপ্ত অংশের কাজ শেষ করতে ৩৫ কোটি টাকার অপর একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সম্পূর্ণ সরকারি অর্থে সমবায় অধিদপ্তর ২০১৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এছাড়া সভায় প্রায় সাতশ’ কোটি টাকার ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি-প্রথম পর‌্যায়) প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রকল্পের ব্যয়ের ৬২৭ কোটি ৫৩ লাখ টাকার যোগান আসবে প্রকল্প সাহায্য থেকে। বাকি অর্থ সরকার দেবে।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০১৪ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবে।

কৃষকের চাহিদাভিত্তিক অংশগ্রহণমূলক উচ্চ অগ্রাধিকার সম্পন্ন গবেষণা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।