মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এডিবির সহায়তার আশ্বাস
বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে তাকাহিকো নাকাও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “তাকাহিকো নাকাও বিশেষ করে প্রবৃদ্ধি ৬ এর ওপর ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকা এবং এর ধারাবাহিতার প্রশংসা করেছেন।”
শিক্ষাকে দারিদ্র্য নিরসনের মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করে সাধারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার কথা বলেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট।
মৌলবাদ বন্ধে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংক সহায়তা করবে বলেও প্রধানমন্ত্রীকে জানান তাকাহিকো নাকাও। এ সময় প্রধানমন্ত্রী এডিবি প্রধানকে জানান, বর্তমান সময়ে বাংলাদেশের বিদেশি সহায়তার ওপর নির্ভরতা অনেক কমেছে।
প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তারা করের আওতায় এসেছে বলে অবহিত করেন তিনি।
বৈঠকে তাকাহিকো নাকাও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থারও প্রশংসা করেন।
এডিবি দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা দেবে বলেও জানান এডিবি প্রসিডেন্ট। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে এডিবি যে সহায়তা দিয়ে যাচ্ছে- তা অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন তাকাহিকো নাকাও।
শামীম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এডিবি থেকে আরো সহায়তা পেলে আরো উন্নয়ন করবো।”
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মূখ্য সচিব আবদুস সোবহান শিকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
