২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহায়তা অব্যাহত রাখবে এডিবি

বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের সফররত প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 02:00 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

ঢাকায় তিন দিনের সফরের প্রথমদিন রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে এডিবি প্রেসিডেন্ট বলেন, “বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেশ ভালো। বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলে এডিবির গুরুত্বপূর্ণ অংশীদার। বছরে প্রায় গড়ে এক বিলিয়ন ডলার বাংলাদেশে দেয়া হয়, এটা অব্যাহত থাকবে।”

গত বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট হওয়ার পর তাকাহিকো নাকার এটাই বাংলাদেশে প্রথম সফর।

পদ্মায় অর্থায়ন ও সহায়তা দেয়া বা না দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “পদ্মা সেতুতে যেহতু আমরা অর্থায়ন করিনি, সেহতু কারিগরি সহায়তা করারও সুযোগ নেই।”

দুর্নীতির অভিযোগ ওঠার পর পদ্মা সেতুতে অর্থায়নের প্রস্তাবনা থেকে সরে আসে এই দাতা সংস্থাটি।

তাকাহিকো নাকাও জানান, এডিবির লোকাল অফিসের ক্ষমতা, বিশেষ করে ঋণের কিস্তি ছাড় ও ঠিকাদার নিয়োগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা আরো বাড়ানো হয়েছে।

শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ম্যানিলা থেকে ঢাকায় আসেন তাকাহিকো নাকাও।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সোমবার তিনি তার নিজের সংস্থার অর্থায়নে বাস্তবায়িত পাঁচটি প্রকল্প পরিদর্শন করবেন। ১৭ জুন তাকাহিকো নাকাও শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এডিবি প্রতি বছর গড়ে ৯০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিয়ে থাকে। এ পর্যন্ত বাংলাদেশে ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিয়েছে এ সংস্থা। এরমধ্যে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।