বিদেশি সাহায্যের প্রকল্পে ৮৯ শতাংশ ব্যয়
গত অর্থবছর বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পে বরাদ্দের সিংহভাগ ব্যয় করেছে সরকার, যা মোট বরাদ্দের ৮৮ দশমিক ৬২ শতাংশ।
বুধবার জাতীয় সংসদে কক্সবাজার-১ আসনের সদস্য মোহাম্মদ ইলিয়াছের উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ২০১২-২০১৩ অর্থবছরে বিদেশি সাহায্যপুষ্ট ২৮৩ প্রকল্পে ১৮ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১৬ হাজার ৩৯৫ কোটি টাকা।
বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
ফাইল ছবি
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় একটি স্বতন্ত্র ক্লিয়ারিং কর্পোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার বাস্তব ও সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার পাশাপাশি নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, বাজার পর্যবেক্ষণ, প্রয়োজন অনুযায়ী আদেশ, নির্দেশ ইস্যু করা ভবিষ্যতে অব্যাহত থাকবে। বিএসইসি নিয়মিত কার্যক্রম হিসেবে বাজার মধ্যস্থতাকারীদের কার্যাবলী পরিদর্শন/ তদন্ত করে। ভবিষ্যতে এ কার্যক্রম আরো জোরদার করা হবে।
“বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ডেরিভেটিভ মার্কেট প্রতিষ্ঠা, বন্ড মার্কেট শক্তিশালীকরণ এবং স্বতন্ত্র ক্লিয়ারিং কর্পোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।”
এছাড়া পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ২০১৭ সালের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে পুঁজিবাজারের লেনদেন আগের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
“পৃথিবীর সব দেশের পুঁজিবাজারে লেনদেন কম বা বেশি হওয়া একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের স্থিতিশীলতা অব্যাহত রাখা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।”
সরকারের নানা পদক্ষেপে দেশের পুঁজিবাজার স্থিতিশীল, আধুনিক, টেকসই, যুক্তিনির্ভর, যুগোপযোগী, গুজব বিবর্জিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার সমৃদ্ধ ও বিশ্লষণধর্মী বাজারের পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
